কিউইদের শেষের আক্ষেপ
একটা ম্যাচ নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মোটা দাগে দুই ভাগ করে দিল। কেমন আলো-আঁধারের মতো বিপরীত দুটি ভাগ! এক ভাগের নিউজিল্যান্ড টুর্নামেন্টের আগে সম্ভাব্য ফেবারিটদের মধ্যে না থেকেও যারা সুপার টেনে টানা চার ম্যাচ জিতেছে। উপমহাদেশীয় পিচে এসে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে দাপটের সঙ্গে হারিয়েছে, হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকেও। আর অন্য ভাগের নিউজিল্যান্ড, সেমিফাইনালে ‘হট ফেবারিট’ হয়েও যারা অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ডের কাছে! আরও একবার সেমিফাইনালেই নিজেদের ভাগ্যলিপি মেনে নিল তারা। কোন ভাগকে বেশি মনে রাখবে কেন উইলিয়ামসনের দল?
দুটি ভাগই সমান দাগ কাটছে কিউইদের মনে। প্রথম চার ম্যাচের পারফরম্যান্স থেকে যেমন অনুপ্রেরণা নিচ্ছেন গাপটিল-স্যান্টনাররা, সেমিফাইনাল থেকে নিচ্ছেন শিক্ষা। ইংল্যান্ড ম্যাচের পর দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের কণ্ঠেও নিউজিল্যান্ডের পারফরম্যান্সের প্রশংসা ঝরছে। সাবেক কিউই পেসার সাইমন ডুল রেডিও স্পোর্টকে বলেছেন, ‘আজকের (পরশু) ম্যাচটা হতাশাজনক ছিল। কিন্তু কেউ যদি টুর্নামেন্টের শুরুতে বলত, আমরা উপমহাদেশে যাব, আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলব, তাহলে হয়তো বলতাম, “কখনোই সম্ভব না”।’
সেই ‘অসম্ভব’কে সম্ভব করেছেন কিউই ক্রিকেটাররা। স্যান্টনার-সোধিরা দুর্দান্ত খেলেছেন, গাপটিল ছিলেন ব্যাটিংয়ের ভরসা। উইলিয়ামসনের অধিনায়কত্বই বা ভুলবেন কীভাবে! ব্রেন্ডন ম্যাককালাম উত্তর নিউজিল্যান্ডের ভার বহন করার যোগ্যতা যে তাঁর আছে সেটি বেশ ভালোই দেখিয়েছেন নতুন নিউজিল্যান্ড অধিনায়ক। ডুলের চোখে এসব মিলিয়ে টুর্নামেন্টকে তাই সফল হিসেবেই দেখতে হবে, ‘বেশ ভালো একটা টুর্নামেন্ট কেটেছে। কন্ডিশনের সঙ্গেও বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে দল। আমার মনে হয় না, এটা ব্যর্থতা!’
সাফল্য-ব্যর্থতার প্রশ্নই উঠত না, যদি আরও একটি টুর্নামেন্টে সেমিফাইনালে এসে ভজকট পাকিয়ে না ফেলত নিউজিল্যান্ড। গত বছরের ওয়ানডে বিশ্বকাপ বাদ দিলে ৫০ ওভারের বিশ্ব আসরে ছয়বার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার সেমিতে এসে বাদ পড়ল কিউইরা। তবে ‘সেমিফাইনালের দল’ তকমাটা মেনে নিতে একদমই রাজি নন অধিনায়ক উইলিয়ামসন, ‘খেলার সময় প্রতিটি ক্রিকেট ম্যাচকে আলাদা হিসেবেই দেখা হয়। মাঠে নামলে আপনি সেরা ক্রিকেটটাই খেলতে চাইবেন। কিন্তু যদি অন্য দল বেশি ভালো খেলে ফেলে তখন আপনাকে দ্বিতীয় হয়ে থাকতে হবে। খুব বেশি দিন হয়নি, আমরা আরেকটি সেমিফাইনাল খেলেছিলাম। সেটিতে কিন্তু আমরা দ্বিতীয় হইনি।’
পরশু নিউজিল্যান্ডের দ্বিতীয় হওয়ার মূল কারণ নিশ্চিতভাবেই নিজেদের ব্যাটিংয়ের শেষ ১০ ওভার। হাতে ৯ উইকেট রেখেও অ্যান্ডারসন-রনকিরা ওই সময়টায় নিতে পেরেছেন মাত্র ৬৪ রান! উইলিয়ামসনও ম্যাচের পর আক্ষেপ করলেন এ নিয়ে, ‘ভালো শুরু করেছিলাম, কিন্তু ২০-২৫ রান কম হয়েছে। শেষ দিকে বেশ ভালো বোলিং করেছে ইংল্যান্ড। দুর্ভাগ্যবশত যেমন চেয়েছিলাম, সেভাবে ব্যাটে-বলে হয়নি। তবে চেষ্টার কমতি ছিল না।’
এটিই হয়তো আক্ষেপ আরও বাড়িয়ে দিচ্ছে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিদায় হলো দীর্ঘশ্বাসে। এএফপি, রয়টার্স।