
প্রথম পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের তিনটিরই ফাইনালে ছিল ইংল্যান্ড। সর্বশেষটি সেই ১৯৯২ সালে। এরপর থেকে যতই দিন যাচ্ছে, জোরালো হয়ে উঠছে কথাটা—ইংল্যান্ড ওয়ানডে খেলতে জানে না!
একেকটি বিশ্বকাপ আসে, ইংল্যান্ড ব্যর্থ হয়। শোনা যায় নতুন শুরুর কথা। এবার আরও জোরেশোরে। ২০১৫ বিশ্বকাপ যে ব্যর্থতার একেবারে তলানিতে নিয়ে গেছে ইংল্যান্ডের ওয়ানডে দলকে। কোনো টেস্ট দলের বিপক্ষে জয় নেই, বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। আবার তাই ‘নতুন শুরু’র গান বাজছে। যা গাইতে গাইতেই এজবাস্টনে আজ শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে এউইন মরগানের দল।
অধিনায়ক অপরিবর্তিত থাকলেও বিশ্বকাপের দলটি প্রায় আমূল বদলে গেছে। সিনিয়র দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড বাদ পড়েছেন, অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেলও। চার বছর পরের বিশ্বকাপের কথা ভেবে নতুন রূপে সেজেছে ইংল্যান্ড। হার্ডহিটিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস্ ও জ্যাসন রয়কে বলা যায় নতুন সেই ইংল্যান্ডের প্রতীক। খেলোয়াড় বদলানোর সঙ্গে দর্শন বদলানোর কথাও উঠছে। অন্য দলগুলো যেখানে বদলে যাওয়া ওয়ানডের সঙ্গে তাল মিলিয়ে ৩৫০ বা এর বেশি স্কোরের কথা ভাবে, ইংল্যান্ড ৩০০-কেই মনে করে পরম আরাধ্য। যে চিন্তাকে ‘প্রাগৈতিহাসিক’ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডকে একমাত্র বৈশ্বিক শিরোপা (২০১০ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি) জেতানো পল কলিংউড।
বিশ্বকাপে ইংল্যান্ডের উইকেটকিপার এবং মার মার-কাট কাট ব্যাটিংয়ের নতুন প্রজন্মের প্রতিনিধি জস বাটলার তাই বলছেন, ‘আপনাকে নির্দয় সৎ হয়ে দেখতে হবে কোথায় আমাদের ভুল হচ্ছে। আমাদের ৩৫০ বা এর চেয়ে বেশি স্কোরের কথা ভাবতে হবে। খেলাটা এখন ওভাবেই হচ্ছে। কয়েক বছর পর আমরা বিশ্বকাপের (২০১৫) দিকে পেছন ফিরে তাকিয়ে বলব, ওটাই ছিল ৫০ ওভারের ক্রিকেটের টার্নিং পয়েন্ট।’
সেটি নিউজিল্যান্ডের চেয়ে ভালো খুব কম দলই বোঝাতে পেরেছে। ইংল্যান্ডকে তো হাতে-কলমেই। ওয়েলিংটনে ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দেওয়ার ম্যাচে সাউদির ৭ উইকেটের কথাই আগে মনে পড়ে। তবে ওয়ানডের নতুন ধারা বোঝানোর কাজটা হয়েছিল ব্যাটিংয়ে। মাত্র ১২.২ ওভারে কিউইরা টপকে গিয়েছিল ইংল্যান্ডের ১২৩ রানকে। মাত্র ২৫ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
এই সিরিজেও নিউজিল্যান্ড ওভাবেই খেলবে। ‘নতুন ইংল্যান্ড’ সেটির সঙ্গে কতটা পাল্লা দিতে পারে, তা একটা কৌতূহলের বিষয় বটে। তথ্যসূত্র: এএফপি।