
ফেব্রুয়ারি, ২০১৫। ইডেন পার্ক, অকল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বে টান টান উত্তেজনার এক ম্যাচে ১ উইকেটে জিতে অস্ট্রেলিয়ার কাছ থেকে চ্যাপেল-হ্যাডলি ট্রফি উদ্ধার করল নিউজিল্যান্ড। এক বছর পর আবারও একটা ফেব্রুয়ারি, আবারও অকল্যান্ডের ইডেন পার্ক। এবার তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফি ধরে রাখার পথে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের ১৫৯ রানের এই জয়টা আরও দুর্দান্ত! ব্রেন্ডন ম্যাককালামের শেষের শুরুটা এর চেয়ে ভালো বোধ হয় আর হতে পারত না।
এই দুটি ম্যাচের মাঝে গত বছর বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপ শিরোপার লড়াই বলে সেটাকে চ্যাপেল-হ্যাডলি ট্রফির ম্যাচ হিসেবে ধরা হয়নি। বিশ্বকাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ফাইনালের পর দুই দলের দেখা এই প্রথম। প্রতিশোধ অবশ্য সেই অর্থে বলা যায় না। তবে হারের ধরনটা এমনই যে নিউজিল্যান্ড ‘প্রতিশোধ’ হিসেবে ভাবতেও পারে। ওয়ানডে ইতিহাসে এ নিয়ে চতুর্থবারের মতো ১৫০ রানের বেশি ব্যবধানে হারল অস্ট্রেলিয়া। এই প্রথম কোনো ওয়ানডেতে ২৫ ওভার পুরো হওয়ার আগেই অলআউটের লজ্জায় পুড়ল কদিন আগে ভারতকে ৪-১ ব্যবধানে সিরিজে হারানো স্টিভেন স্মিথের দল।
রানের ব্যবধানে এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় বড় জয়। ১৯৮৬ সালে অ্যাডিলেড ওভালে ২০৬ রানে জিতেছিল কিউইরা। সেবার রিচার্ড হ্যাডলি ও ইউয়েন চ্যাটফিল্ড গুঁড়িয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার। এবারও দুই পেসার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির তোপে ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। নিজেদের সর্বনিম্ন ওয়ানডে স্কোর ৭০ তখন হুমকির মুখে! শেষ পর্যন্ত জেমস ফকনার ও ম্যাথু ওয়েডের ৭৯ রানের জুটিতে আরও বড় লজ্জা থেকে বেঁচে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩০৭/৮ (গাপটিল ৯০, নিকোলস ৬১, ম্যাককালাম ৪৪, স্যান্টনার ৩৫*; হ্যাজলউড ২/৬৮, ফকনার ২/৬৭, মিচেল মার্শ ২/৩৫)।
অস্ট্রেলিয়া: ২৪.২ ওভারে ১৪৮/১০ (ওয়েড ৩৭, ফকনার ৩৬, রিচার্ডসন ১৯, স্মিথ ১৮; বোল্ট ৩/৩৮, হেনরি ৩/৪১, স্যান্টনার ২/০)।
ফল: নিউজিল্যান্ড ১৫৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।
সংখ্যায় সংখ্যায়
১৪৬
বলেই অলআউট অস্ট্রেলিয়া। এক দিনের ক্রিকেটে যা তাদের সবচেয়ে কম বলে আউট হওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ১৫২ বলের, ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে।
১৫৯
নিউজিল্যান্ডের বিপক্ষে রানের হিসাবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় হার। সবচেয়ে বড় হার ২০৬ রানের, ১৯৮৫-৮৬ মৌসুমে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ৭০ রানে।
১
প্রথম ১০ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার ৬ উইকেট খোয়ানো ১৪ বছরের মধ্যে প্রথম।
০
২০১৩ সালের পর এই প্রথম শূন্য রানে আউট কেন উইলিয়ামসন। গত ৮০ ইনিংসে এটি তাঁর দ্বিতীয়বার শূন্য রানে আউট হওয়া। অথচ শুরুর প্রথম পাঁচ ইনিংসেই তিনি আউট হয়েছিলেন তিনবার!
১৮২
প্রথম ২৫ ওভারে নিউজিল্যান্ডের রান। যা ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করা কোনো দলের সর্বোচ্চ।
৫
তিনটি ছক্কা নিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকার পাঁচে এখন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর ছক্কা ১৯৪টি। কিউই অধিনায়কের সামনে আছেন আফ্রিদি (৩৫১), জয়াসুরিয়া (২৭০), গেইল (২৩৮) ও টেন্ডুলকার (১৯৫)।
৬০০০
স্টিফেন ফ্লেমিং (৮০৩৭) ও নাথান অ্যাস্টলের (৭০৯০) পর নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডের ছয় হাজারি ক্লাবে ম্যাককালাম (৬০০৮)।