কিউইদের হাসতে দেননি তামিম-মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুল করছেন মুমিনুল। এমন দারুণ সব শটেই এই বাঁহাতি ব্যাটসম্যান গড়েছেন তাঁর অপরাজিত ৬৪ রানের ইনিংসটি। এর আগে তামিম খেলেছেন ৫৬ রানের দুর্দান্ত আরেকটি ইনিংস। কাল ওয়েলিংটনে l ছবি: বিসিবি
পুল করছেন মুমিনুল। এমন দারুণ সব শটেই এই বাঁহাতি ব্যাটসম্যান গড়েছেন তাঁর অপরাজিত ৬৪ রানের ইনিংসটি। এর আগে তামিম খেলেছেন ৫৬ রানের দুর্দান্ত আরেকটি ইনিংস। কাল ওয়েলিংটনে l ছবি: বিসিবি

১ম দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস:
৪০.২ ওভারে ১৫৪/৩

সবুজ উইকেটের জুজু কেটে গেছে সকালেই। প্রথম দিন দেখা বেসিন রিজার্ভের উইকেট আর কাল টেস্টের প্রথম দিনের উইকেটের চেহারায় যে মিলই খুঁজে পাওয়া গেল না! ঘাস ছেঁটে ফেলার পর সেই সবুজে ঢাকা উইকেটে সবুজের একটু ছোঁয়াই শুধু ছিল।
যে উইকেটকে সম্ভাব্য শত্রু ভাবা হচ্ছিল, সেটিই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। কিন্তু ওয়েলিংটনের তীব্র বাতাসের সঙ্গে খাতির জমানো তো আর সহজ নয়। পৃথিবীর সবচেয়ে বাতাসবহুল শহর এটি। বাতাসের গতি এতটা তীব্র আর কোনো শহরে নয়। সমুদ্র থেকে দেশটির নর্থ ও সাউথ আইল্যান্ডের মাঝের ‘করিডর’ দিয়ে ঢোকা প্রচণ্ড হাওয়া শহরটাকে সব সময়ই করে রাখে আলুথালু। বাতাসের শোঁ শোঁ শব্দই এই শহরের আবহসংগীত। কাচঘেরা প্রেসবক্সে বসেও সেই তীব্রতা বেশ টের পাওয়া যাচ্ছিল। গ্র্যান্ড স্ট্যান্ডের ইস্পাতের কাঠামোও কেঁপে উঠছিল বারবার।
ওয়েলিংটনের এই বাতাস একটু পরপরই বেসিন রিজার্ভে উড়িয়ে আনল বৃষ্টি। বাংলাদেশের স্বাভাবিক, সাবলীল ব্যাটিংয়ে ঘটল ছন্দপতন। বৃষ্টিতে দুবার বন্ধ হয়েছে খেলা। শেষবার আলোকস্বল্পতায় দিনের খেলাই শেষ করে দিলেন আম্পায়াররা। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ১৫৪। খারাপ নয়, কিন্তু আরও ভালো কি হতে পারত না?
বৃষ্টিতে দ্বিতীয় দফা খেলা বন্ধ ছিল তিন ঘণ্টার বেশি। তখন পর্যন্ত স্কোর ২৯ ওভারে ২ উইকেটে ১১৯। রান যা-ই হোক, এই দুই উইকেট নিয়েই পার করে দিতে পারলে প্রথম দিনটাকে শুধুই নিজেদের দাবি করতে পারত বাংলাদেশ। ঝামেলা বাধাল মাহমুদউল্লাহর আউট। মুমিনুলের সঙ্গে ভালো জুটিই জমছিল। কিন্তু নিল ওয়াগনারের অফ স্টাম্পের অনেক বাইরে করা বলে অযথাই জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন মাহমুদউল্লাহ। কট বিহাইন্ড হয়ে ফিরলেন, আর তাতে দিন শেষে বাংলাদেশের ১৫৪ রানের পাশে উইকেট ৩টি। শেষ দৃশ্যটা অবশ্য আরও খারাপ হতে পারত যদি দুই ওভার পরই স্কয়ার লেগে সাকিব আল হাসানের ক্যাচটা ফেলে না দিতেন স্যান্টনার। সাকিবের রান তখন ৪।
দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত চমৎকার এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। বাতাস আর বৃষ্টি ছাড়া ব্যাটসম্যানদের আর কিছুই তেমন সমস্যায় ফেলতে পারেনি। বৃষ্টি বাদ দিয়ে প্রথম সেশনের ৫০ মিনিট আর দ্বিতীয় সেশনের দেড় ঘণ্টায় মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছেন নিউজিল্যান্ডের বোলাররা। এর মধ্যে ইমরুলের আউটে যতটা না বোলারের কৃতিত্ব, তার চেয়ে বেশি ‘কৃতিত্ব’ ব্যাটসম্যানের নিজের। টিম সাউদির লেগ স্টাম্পের ওপর করা শর্ট বলটা ছেড়ে দেওয়াই উচিত ছিল ইমরুলের। কিন্তু তিনি করতে গেলেন হুক এবং তাতেই হয়ে গেল ভুল। বোল্টের ক্যাচ হয়ে মাত্র ১৬ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।
তবে আরেক ওপেনার তামিমের আউটের পর নামা মাহমুদউল্লাহর ব্যাটে দেখা গেছে টেস্টের মেজাজ। তামিমের ৫০ বলে ৫৬ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি দেখে কথাটাকে ভুল মনে হতে পারে। বলতে পারেন টেস্ট ভুলে বুঝি টি-টোয়েন্টিই খেলতে নেমেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ব্যাটসম্যান তামিম ইকবালের চরিত্রই এমন যে মারার বল পেলে ছাড়েন না। ৪৮ বলে করে ফেলা ফিফটিতেই তাই বাউন্ডারি ১০টি।
বোল্টের করা ইনিংসের প্রথম ওভারেই বাতাসের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি। বোল্টের পরের দুই ওভারেও বাউন্ডারি মেরেছেন দুটি করে। এক ওভারে তামিম দুটি করে বাউন্ডারি মেরেছেন সাউদি, ডি গ্র্যান্ডহোমকেও। ১০.৩ ওভারে ব্যক্তিগত ৩১ রানের সময় ডি গ্র্যান্ডহোমের বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। নিউজিল্যান্ডের একটা রিভিউও বৃথা যায়। পরে অবশ্য রিভিউতেই এলবিডব্লু তামিম, বোলার এবার বোল্ট। তার আগেই অবশ্য পূর্ণ হয়ে গেছে টেস্টে তামিমের ২০তম ফিফটি।
তামিমের সঙ্গে ৪৪ রানের জুটি, মুমিনুল তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে নিয়েও যোগ করেন ৮৫ রান। মাহমুদউল্লাহ ২৬ রানে ফিরে গেলেও ইংল্যান্ড সিরিজের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দারুণ স্বচ্ছন্দ মুমিনুল। টেস্টে ১১তম ফিফটিও পেয়ে গেছেন কালই। ওয়াগনারের বল গ্লাইড করে পয়েন্ট ও গালির মাঝ দিয়ে চার মেরেই ছোট্ট শরীরে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করলেন ফিফটি।
অথচ মুমিনুলকে নিজের প্রথম রানটাই নিতে হয়েছে দারুণ চ্যালেঞ্জ হয়ে আসা এক বলে। বুকসমান উচ্চতায় শর্ট বল দিয়েছিলেন সাউদি। মুমিনুল একটুও ইতস্তত না করে স্কয়ার লেগের দিকে পুলের মতো খেলে দিলেন। বোল্ট-ডি গ্র্যান্ডহোমরা এরপরও বারবার শর্ট বলে বিপদে ফেলতে চেয়েছেন তাঁকে। কিন্তু দলের সঙ্গে লম্বা সময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ঘুরে এই কন্ডিশনের ব্যাটিং যেন না খেলেই মুখস্থ হয়ে গেছে মুমিনুলের।
৪৪ বলে প্রথম ১০ রান করার পরই খুলতে থাকে মুমিনুলের হাত। ১১ থেকে বোল্টের এক ওভারে তিন বাউন্ডারি মেরে পৌঁছে যান ২৩-এ। মুমিনুলের ঝড়টা বেশি টের পেয়েছেন সাউদি। ২৭তম ওভারে দুই বাউন্ডারি, ২৯তম ওভারে দুই বাউন্ডারির সঙ্গে এক ছক্কাও। মুমিনুলও যেন তামিমের স্লোগানেই উজ্জীবিত—বাজে বলে মারব না কেন?
টেস্টের আগেই মুমিনুল বলেছিলেন, এই উইকেটে সেট হতে পারলে বড় ইনিংস খেলা সম্ভব। কালই তাঁর ইনিংসটা বড় হয়ে যায়নি, তবে আজ হতে বাধা কোথায়! বেসিন রিজার্ভের উইকেটে আর যা-ই হোক ব্যাটসম্যানদের জন্য বিষ নেই।
প্রথম দিন শেষে সে কারণেই নিজেকে ‘পরাজিত’ ভাবতে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে জিতে আগে বোলিং নিলেন, সারা দিন শুধু পেসারদের দিয়েই বল করালেন, তবু আনন্দিত হওয়ার মতো কী পেলেন?