কিউইদের 'হট স্পটে' ডিআরএস
কথাটা আগে কেউ সরাসরি বলেননি। কিন্তু ভেতরে জমে থাকা ক্ষোভের আঁচটা ম্যাককালাম-টেলরদের কথায় কিন্তু একটু পাওয়াই গেছে। ক্ষোভটা এবার আনুষ্ঠানিক অভিযোগে রূপ নিল। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে তৃতীয় আম্পায়ার নাইজেল লংয়ের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারি রোশন মহানামা ও আইসিসির কাছে প্রতিবাদ জানিয়েছে নিউজিল্যান্ড।
যে সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক সেটি ম্যাচের দ্বিতীয় দিনে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২০২ রানের জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া তখন ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে আছে। ওই সময় নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের একটি বলে সুইপ করতে গিয়ে নাথান লায়ন ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে। মাঠের আম্পায়ার সুন্দরম রবি আউট না দেওয়ায় রিভিউ নেয় নিউজিল্যান্ড। তৃতীয় আম্পায়ার নাইজেল লং রিপ্লে দেখেন প্রায় সাড়ে ৫ মিনিট ধরে। হট স্পটে বল লায়নের ব্যাট ছুঁয়ে যাওয়ার প্রমাণও মেলে। তারপরও কী ভেবে যেন নাথান লায়নকে আউট দেননি তৃতীয় আম্পায়ার নাইজেল লং। ‘জীবন’ পাওয়া লায়ন পরে পিটার নেভিলকে নিয়ে যোগ করেছেন আরও ৭২ রান। কম রানের ম্যাচে পরে যেটি ভাগ্যনির্ধারক হয়ে গেছে। যে কথা ম্যাচ শেষে বলেছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ব্যাটসম্যান রস টেলরও।
নিউজিল্যান্ড যে এরই মধ্যে নাইজেল লংয়ের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারি রোশন মহানামা ও আইসিসির কাছে প্রতিবাদ জানিয়েছে, কাল সেটাই জানিয়েছে হেসন। তাঁর দাবি, ‘প্রযুক্তি সম্পর্কে অনেকের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। আসলে প্রযুক্তি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রযুক্তির ব্যবহারে একটা নির্দিষ্ট পদ্ধতি তো অনুসরণ করতে হয়। আমরা জানতে চাই সেই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কি না।’
তো কী সেই পদ্ধতি? ক্রিকইনফো জানাচ্ছে, আম্পায়ারদের দেওয়া নির্দেশনা অনুযায়ী, তৃতীয় আম্পায়াররা তখনই স্নিকোমিটারের সাহায্য নেবেন যখন হট স্পটে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো নমুনা পাওয়া যাবে না। কিন্তু লায়নের ক্ষেত্রে হট স্পটে একটা স্পষ্ট দাগ দেখা গেছে। টেলিভিশনে শোনা গেছে, যেটি দেখে নাইজেল লং বলছেন, ‘এ দাগ যেকোনো কিছু থেকেই আসতে পারে!’ পরে তিনি স্নিকোমিটার দেখেন, যেখানে আউটের কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি।
হট স্পটে প্রমাণ কেন লং যথেষ্ট মনে করেননি সেটাই মাথায় ঢুকছে না হেসনের, ‘মাঠে তো সবাই বড় পর্দায় দেখেছে ঘটনাটা। এ নিয়ে অনেক কথাও হয়েছে। আমরা আইসিসির কাছে আমাদের অবস্থান জানিয়েছি। দেখা যাক ওরা কী জবাব দেয়।’
এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ তৃতীয় আম্পায়ার রাখার কথা অনেক দিন ধরেই বলে আসছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। অ্যাডিলেড টেস্টে ওই সিদ্ধান্তটি দেওয়ার ক্ষেত্রে লং আম্পায়ারদের নির্দেশনা ও পদ্ধতি পুরোপুরি অনুসরণ করেছেন কি না, তা নিয়ে সরাসরি কিছু বলতে চাননি রিচার্ডসন। তবে লংই তাঁর ‘বেনিফিট অব ডাউট’ পাচ্ছেন, ‘আমি টেলিভিশনে দেখেছি ঘটনাটা। আমার কাছে তো পদ্ধতি ঠিকঠাকই মনে হয়েছে। ঘটনাটির পরে আমি চ্যানেল নাইনের একটা ভোটাভুটি দেখছিলাম। সেখানে দর্শকদের জিজ্ঞেস করা হয়েছিল-‘আপনি আম্পায়ার হলে আউট দিতেন নাকি দিতেন না?’ সেখানে প্রায় সমান সমান ভোট পড়েছে। বুঝতেই পারছেন সিদ্ধান্তটা কত কঠিন ছিল।’ সিডনি মর্নিং হেরাল্ড, ক্রিকইনফো।