কিছু একটা করতে চান তাইজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অভিষেকের অপেক্ষায় তাইজুল l ফাইল ছবি
টেস্ট অভিষেকের অপেক্ষায় তাইজুল l ফাইল ছবি

সাকিব আল হাসানের বিকল্প তাইজুল ইসলাম। একদিকে ৩৪টি টেস্ট, অন্যদিকে মাত্র ১৯টি প্রথম শ্রেণীর ম্যাচের অভিজ্ঞতা!
তাইজুল নিজেও জানেন তুলনাটা বেমানান এবং এই তুলনা তাঁর জন্য অস্বস্তিকরও। পরশু আর্নস ভেল স্টেডিয়ামে অনুশীলনের শেষ দিকে যখন প্রসঙ্গটা তোলা হলো, তাইজুলের বিনয়, ‘সাকিব ভাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়। তাঁর সঙ্গে হঠাৎ করে এত বড় তুলনা দেওয়া ঠিক হবে না।’
কিন্তু সাকিব যা পারেন, তিনি তা পারবেন না, এটাও পুরোপুরি মেনে নেওয়ার মানুষ নন তাইজুল। ২২ বছরের স্বল্পভাষী এই তরুণের নিজের ওপর দারুণ আস্থা, ‘আত্মবিশ্বাস আছে আমি পারব। ওনার (সাকিব) মতো করতে না পারলেও হয়তো কাছাকাছি কিছু করতে পারব ইনশাআল্লাহ।’
তাইজুলের ওপর আস্থা রাখাই যায়। অন্তত প্রস্তুতি ম্যাচে তাঁর বোলিং সে কথাই বলছে। বাঁহাতি স্পিনার তাইজুলের বড় অস্ত্র বোলিং বৈচিত্র্য। প্রস্তুতি ম্যাচে দেখা গেছে তাঁর ঝুলিয়ে দেওয়া বলগুলোয় কত সতর্ক শিবনারায়ণ চন্দরপলের মতো ব্যাটসম্যানও। সে ম্যাচে ৩ উইকেট নিয়ে তাইজুলের আত্মবিশ্বাস বেড়ে গেছে আরও, ‘চন্দরপলকে সেদিন বল করেছি। কিছুটা ধারণা পেয়েছি কীভাবে করলে তার জন্য কঠিন হবে। আসলে প্রস্তুতি ম্যাচে বল করে জাতীয় দলে খেলার চাপটা অনেক কমে গেছে।’
এ ক্ষেত্রে জাতীয় দলের অগ্রজ সতীর্থদের কথাও বলতে ভুললেন না তাইজুল, ‘জাতীয় দলে আসার পর প্রথমে একটু অন্য রকম লাগছিল...নার্ভাস ছিলাম। পরে দেখা গেছে দলে যাঁরা বড় ভাই আছেন, সবাই অনেক ভালো। আমাকে মানিয়ে নিতে সাহায্য করেছেন। দেখা যাচ্ছে আমি হয়তো কখনো চুপচাপ থাকছি, ওনারাই তখন আমাকে দিয়ে জোর করিয়ে কথা বলিয়ে নেন। এখন আমি মানিয়ে নিয়েছি। সবার সঙ্গে সহজ সম্পর্ক হয়ে গেছে।’
দুই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান বা আবদুর রাজ্জাক কেউই নেই। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় টেস্ট দলে নেই অফ স্পিনার সোহাগ গাজীও। সোহাগের বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে ঢাকা থেকে উড়িয়ে আনা হলেও সেন্ট ভিনসেন্ট টেস্টে তাইজুলের অভিষেকের সম্ভাবনা যথেষ্ট। তাইজুল সে জন্য নিজেকে প্রস্তুতও মনে করছেন, ‘মনে হচ্ছে ভালো কিছু করতে পারব। আমার অভিষেক এখানে হতে পারে। একদিক দিয়ে সেটা আমার জন্য ভালোই। ওয়েস্ট ইন্ডিজে আগেও সফর করেছি। এখানকার কন্ডিশনের সঙ্গে অনেকটা পরিচিত। আশা করি, সে অভিজ্ঞতা কাজে লাগবে।’
তাইজুল ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটার। গত বিসিএলের ফাইনালে উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন। চার ম্যাচে ৩৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুলই। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া দক্ষিণাঞ্চলের রাজ্জাক পেয়েছিলেন তার চেয়ে ১০টি উইকেট কম। এ ছাড়া তাইজুলের সাফল্য আছে বয়সভিত্তিক এবং ‘এ’ দলের হয়েও। তবে সেসব ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর পার্থক্য। আর টেস্ট ক্রিকেট তো আরও বড় মঞ্চ। তাইজুল নিজেও তা জানেন, ‘আমি অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ প্রতিটি ধাপেই খেলেছি। এটা আমার জন্য আরেকটা নতুন ধাপ। তার ওপর আমি টেস্ট ক্রিকেট খেলব, এটা তো একটা ভাগ্যের ব্যাপার। আশা করি, দেশের জন্য একটা কিছু করতে পারব।’
ভালো কিছু করার জন্য এই ইচ্ছাটাই বুঝি সবার আগে দরকার, দেশের জন্য কিছু করা। তাইজুলের সেটা আছে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।