কিছু করে দেখাতে ব্যাকুল ছিলেন সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুবেল হোসেন যদি সুস্থ থাকতেন, হয়তো একাদশেই জায়গা মিলত না তাঁর। এই সত্য সাইফও খুব ভালো করে জানেন। সাইফ তাই জানেন, একেকটা ডেলিভারি তাঁর জন্য বরাদ্দ সুযোগের একটা দাগ মুছে যাওয়া। ফলে এমন কিছু একটা করতে হবে, যেন দাগ থেকে যায়। মনে দাগ কাটে সবার।

আজ ম্যাচ শেষে এই তরুণ বললেন, ‘মনে মনে চাচ্ছিলাম আমাকে যেন বোলিংয়ে আনা হয়। আমি চাচ্ছিলাম কিছু একটা করে দেখাতে। রুবেল ভাই অসুস্থ, যে কারণে আমি সুযোগ পেয়েছি। আমার চেষ্টা ছিল এই সুযোগটা যেন ঠিকভাবে কাজে লাগাতে পারি। যেন পরের ম্যাচগুলোতে যেন সুযোগ পাই। তাই অন্য রকমভাবে চেষ্টা করেছি। যাতে সবার নজরে আসি।’

সত্যি নজর কেড়েছে তাঁর বোলিং। মাপা লেংথ, কিছুটা সুইং, সঙ্গে গতি। আজ তো বল কখনো কখনো ১৪০-এর ঘরও ছুঁই ছুঁই করল। অথচ অনিয়ন্ত্রিত বোলিংয়ের খেসারত দিয়ে ছোট্ট এই ক্যারিয়ারে এরই মধ্যে বাদ পড়ার অভিজ্ঞতাও হয়ে গেছে। আজকের অন্য রকম এই অভিজ্ঞতা কেমন লাগছে? সাইফ বললেন, ‘অবশ্যই ভালো লাগছে। ক্রিকেট খেলাটাই এমন। বাইরে থাকব, আবার দলে ফিরব। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠব। আবার হয়তো বাজে ফর্ম বা অন্য কোনো কারণে বাদ পড়ব। এসব মাথায় নিয়েই ক্রিকেট খেলাটা শুরু করেছি। এসব মাথায় নিয়েই ক্রিকেট খেলি।’

গত ম্যাচে ফিফটি, আজ কৃপণ বোলিংয়ে তিন উইকেট। এই তো পাওয়া গেল পেস অলরাউন্ডার! সাইফও খুশি এ ম্যাচে বল হাতে নিজের সেরাটা দিতে পেরেছেন বলে, 'আমাকে বোলিং অলরাউন্ডারই ধরা হয়। আমার মূল দক্ষতা বোলিং। আমার নিজের বোলিংয়ে উইকেট পেলে, কম রান দিলে বেশি ভালো লাগে। ব্যাটিংটা হলো এর পাশাপাশি বাড়তি কিছু। চেষ্টা করি দুটোতেই ভালো করার।'

আজ কি বেশি ভালো লাগছে ম্যাচ সেরাও হয়েছেন বলে? সাইফ অবশ্য অন্যভাবে ব্যাখ্যা করলেন, ‘চেষ্টা ছিল দলের জন্য কিছু একটা করব। দলকে কিছু দিতে পেরেছি, এতেই আমি খুশি। ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভাবিইনি। হঠাৎ করে আমাকে যখন বলল, আমিই ম্যান অব দ্য ম্যাচ, কিছুটা অবাক হয়েছি। দল জিতেছে এতেই বেশি খুশি।’

সাইফ খুশি হওয়ার আরও একটি কারণ খুঁজে পাচ্ছেন, 'প্রতিটা সিরিজই আনন্দদায়ক। আপনারা জানেন, আমাদের জয়ের পেছনে সিনিয়র খেলোয়াড়দের অবদান বেশি থাকে। জুনিয়রদের অবদান গত দুইটা ম্যাচে বেশ ভালো। সবচেয়ে ভালো লাগছে এ কারণে। এটা আমাদের দেশের জন্য ভালো। জুনিয়রদের জন্য ভালো। সামনেও জুনিয়ররা আরও ভালো করবে আশা করি।’