কিছু নয় আবার অনেক কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে নিয়ে আগামীকাল থেকে ডাবলিনে শুরু ত্রিদেশীয় সিরিজ

ডাবলিনের মালাহাইডে কাল থেকে শুরু হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যে সিরিজ একদিক দিয়ে কিছু নয়, অন্যদিক দিয়ে অনেক কিছু।

কিছুই নয় এই অর্থে যে, এখানে ফাইনাল নেই বলে চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়ার কোনো ব্যাপার নেই। তিনটি দল পরস্পরের সঙ্গে দুবার করে ম্যাচ খেলবে। কিন্তু এই ম্যাচগুলোর ফলাফল দিয়ে এখানে এমন কোনো পয়েন্ট টেবিল তৈরি হবে না, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সিরিজের সেরা দল।

তবে অন্যদিক দিয়ে বাংলাদেশ দলের জন্য এই সিরিজের গুরুত্ব কমও নয়। দুই প্রতিপক্ষের এক প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেন্দ্রিক চিন্তাটাই আগে করা যাক। ত্রিদেশীয় এই সিরিজ চ্যাম্পিয়নস ট্রফির আগে ম্যাচ প্রস্তুতির অপূর্ব সুযোগ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের তিন প্রতিপক্ষের এক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে একই গ্রুপের দলগুলোর মধ্যে খেলার সুযোগ নেই। ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশকে সেই সুযোগটাই করে দিচ্ছে। অবশ্য বাংলাদেশকে পেয়ে একই সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ডও। তা ছাড়া মাস পাঁচেক আগেই নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে দুই দল। একে অন্যের সাম্প্রতিক চেহারাটা তাই ভালো করেই জানে।

র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর ব্যাপারও থাকছে আয়ারল্যান্ডের সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটিসহ সিরিজের চারটি ম্যাচই জিততে পারলে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে উঠে যাবে ষষ্ঠ স্থানে। আবার সব ম্যাচই হারলে বাংলাদেশের পয়েন্ট কমে হবে ৮৩, নেমে দাঁড়াবে আটে। বাংলাদেশকে টপকে পাকিস্তান উঠে আসবে সাতে।

১৭ ও ২৪ মে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে। এ মাঠে এর আগে একটিই ম্যাচ খেলার স্মৃতি আছে বাংলাদেশ দলের। সেটাও ১৯৯৯-এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে খেলতে গিয়ে বাংলাদেশ দলের এই প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে সেই স্মৃতিটা ভাগ করতে পারেন কোর্টনি ওয়ালশ। ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেদিন যে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন দলের এখনকার পেস বোলিং কোচই!

ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক আয়ারল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। তবে মালাহাইডে কাল ও ১৭ মে তাদের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলবে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেগুলোও। ওয়ানডের ১২ নম্বর দলের বিপক্ষে সাত নম্বর বাংলাদেশের এমনিতে পাওয়ার কিছু না থাকলেও পিছিয়ে থাকা প্রতিপক্ষের কাছে কিছু না হারানোটাও একটা পাওয়া। নিউজিল্যান্ডকে হারালে যেমন পয়েন্ট বাড়বে, আইরিশদের কাছে হারলে ভালো র‍্যাঙ্কিং পয়েন্ট কাটাও যাবে বাংলাদেশের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য বাংলাদেশের সাফল্যের পাল্লাই ভারী। সাত ম্যাচে পাঁচ জয়, হার দুটি। তা ছাড়া আয়ারল্যান্ডের সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না। গত মার্চে আফগানিস্তানের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষে অতিসম্প্রতি ২-০-তে হেরেছে দুই ওয়ানডের সিরিজ।

কিছুই নয় যে সিরিজ, সেটি থেকেও তাই বাংলাদেশের পাওয়ার আছে অনেক কিছু।

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ সূচি

                         ম্যাচ                  ভেন্যু      বাংলাদেশ সময়

১২ মে    বাংলাদেশ-আয়ারল্যান্ড   ডাবলিন   বেলা ৩-৪৫ মি.

১৪ মে   আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড  ডাবলিন   বেলা ৩-৪৫ মি.

১৭ মে    বাংলাদেশ-নিউজিল্যান্ড   ডাবলিন   বেলা ৩-৪৫ মি.

১৯ মে    বাংলাদেশ-আয়ারল্যান্ড   ডাবলিন   বেলা ৩-৪৫ মি.

২১ মে   আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড  ডাবলিন   বেলা ৩-৪৫ মি.

২৪ মে   বাংলাদেশ-নিউজিল্যান্ড   ডাবলিন   বেলা ৩-৪৫ মি.