পাওয়ার কথা ছিল ৩০ লাখ টাকা। ১০ লাখ পেয়েছেন আগে। বাকি ২০ লাখের মধ্যে ১৩ লাখই ‘মাফ’ করে দিয়ে কাল বিসিবি থেকে নিলেন প্রায় ৭ লাখ টাকার চেক। রুবেল হোসেন তাতেই খুব খুশি, ‘আমি তো ভেবেছিলাম আর কোনো টাকাই পাব না। তারপরও যে এই টাকাটা পেয়েছি, সেটাই যথেষ্ট। নাই মামার চেয়ে কানা মামা ভালো।’
দ্বিতীয় বিপিএলের বকেয়া পাওনা হিসেবে ৬৫ জন ক্রিকেটারের মধ্যে প্রায় আড়াই কোটি টাকা ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। চেক বিতরণ শুরু হয়ে গেছে কাল থেকেই। চেক হাতে পাওয়ার পর বেশির ভাগ ক্রিকেটারের মুখেই দেখা গেল স্বস্তির আভা, যার অনুবাদ হতে পারে রুবেলের কথাটা—নাই মামার চেয়ে কানা মামা ভালো!
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অঙ্কের বিশাল ব্যবধান কারও কারও মুখে নামিয়ে এনেছে আঁধারও। নিলামে ৪৫ হাজার ডলার ভিত্তি মূল্যের সোহাগ গাজীর দাম উঠেছিল ১ লাখ ৫৬ হাজার ডলার। এর আগে ১৪ লাখ টাকা পাওয়া এই অফ স্পিনার কাল চেক হাতে পেয়ে হতভম্ব—টাকার অঙ্কটা যে মাত্র ৭৭ হাজার! এ ব্যাপারে সোহাগ কোনো প্রতিক্রিয়া না জানালেও সূত্র জানিয়েছে, কোয়াবের মাধ্যমে তিনি বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন বিসিবির কাছে।
আড়াই কোটি টাকার বাজেটে প্রতিশ্রুত টাকার অর্ধেকও পাচ্ছেন না ক্রিকেটাররা। তারপরও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমানের মধ্যস্থতায় বেশির ভাগ ক্রিকেটারই তা মেনে নিচ্ছেন। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘বিসিবি যে নিজ উদ্যোগে আমাদের এতটুকু দিচ্ছে, এটাই অনেক। খেলোয়াড়দের সবার পক্ষ থেকে বোর্ডকে ধন্যবাদ।’
নাঈমুর রহমানও মনে করেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি মোটামুটি ভালোভাবেই পালন করেছেন, ‘চেষ্টা করেছি খেলোয়াড়দের চাপা ক্ষোভটা দূর করতে। আবার টাকাটা যেহেতু বোর্ড থেকে দেওয়া হচ্ছে, বোর্ডের ওপর যাতে বেশি চাপ না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হয়েছে।’ তিনি পাল্টা ধন্যবাদ দিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের, ‘অনেক সিনিয়র খেলোয়াড় আছে যারা বিভিন্ন মাধ্যমে আয় করে। অন্য অনেকেই সেটা পারে না। তাদের সঙ্গে ভারসাম্য করতে হয়েছে। সিনিয়র খেলোয়াড়েরা অনেক ত্যাগ স্বীকার করেছে।’
বকেয়া টাকার কিছুটা হলেও শোধ করায় গত বিপিএলের ঝুলে থাকা সমস্যাগুলোর অন্তত একটার সমাধান হলো। কিন্তু নতুন বিপিএল যে সামনে নিয়ে আসছে নতুন সমস্যা! এবার বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য হতে পারে ৩০ লাখ টাকা এবং বিদেশি ক্রিকেটারদের প্রায় ৫৬ লাখ টাকা (৭০ হাজার ডলার)। এই বৈষম্য ক্ষোভের জন্ম দিয়েছে স্থানীয় ক্রিকেটারদের মনে। খেলোয়াড়েরা মিলে তাই কাল বিসিবিকে অনুরোধ করেছেন, দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না বাড়লে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্যও যেন ৩০ লাখ টাকা বা সেটির কাছাকাছি রাখা হয়।