কিছুই করেন না ফন গাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবল কোচের কী করতে হয়? প্রশ্নটা হওয়া উচিত, আসলে কী করতে হয় না? দলের পরিকল্পনা, খেলোয়াড়দের সামলানো, দলবদলের কেনাবেচা—কাজের তো শেষ নেই। অথচ লুই ফন গাল বলছেন, তিনি কোনো কাজই করেন না!
না, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের মাথা খারাপ হয়ে যায়নি। কথাটা বলেছেন রসিকতা করে। বলা ভালো, আসলে একজনকে বিদ্রূপ করে বলেছেন। এই মৌসুমে ফন গালের খেলার ধরন নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। সাবেক ইউনাইটেড মিডফিল্ডার পল স্কোলস সরাসরি বলেছেন, ফন গালের ধরনটা খুবই একঘেয়ে।
ফন গাল তাই মনে করিয়ে দিয়েছেন, কোচিংয়ে প্রথম নোটবুকের ব্যবহার তিনিই শুরু করেছিলেন। আধুনিক কোচিংয়ের অপরিহার্য অনুষঙ্গ ভিডিও প্রথম তিনিই চালু করিয়েছিলেন। এর পরেই খুবই সন্তর্পণে খোঁচা দিয়েছেন স্কোলসকে, ‘আমার একটা ক্রীড়াবিজ্ঞান বিভাগ আছে, স্কাউটিং বিভাগ আছে, চিকিৎসার জন্যও আলাদা বিভাগ আছে। আমার সহকারী কোচও অনেক। আমি আসলে তেমন কিছু করি না। শুধু মুখ দেখানোটাই আমার কাজ। কিছু না করেই আমি অনেক টাকা আয় করি।’ গার্ডিয়ান।