কিপিং গ্লাভস বদলে ফেললেন ধোনি

>ধোনির গ্লাভসে ‘বলিদান ব্যাজ’ নিয়ে কম বিতর্ক হয়নি। আপত্তি তুলেছিল আইসিসি। অবশেষে কাল আইসিসির নির্দেশ মেনে নতুন গ্লাভস পরে মাঠে নামলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
মহেন্দ্র সিং ধোনির গ্লাভস বিতর্কের ইতি ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের চিহ্ন কিপিং গ্লাভসে নিয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ খেলতে নেমেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক। আইসিসির আপত্তির মুখে সেটি বদলাতে বাধ্য হলেন। এই ঘটনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ঠান্ডা যুদ্ধেরও অবসান হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেই বদলে ফেলেন তাঁর গ্লাভস।
সেনা ইউনিটের চিহ্ন খেলার সামগ্রীতে ব্যবহার করা আইসিসির নীতিবিরুদ্ধ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে চিহ্নটি গ্লাভসে থাকা ছিল কোড অব কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন। স্বাভাবিকভাবেই আইসিসি আপত্তি তোলে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ব্যাপারে ধোনির পাশে দাঁড়ালে পুরো পরিস্থিতিই ঘোলাটে হয়ে উঠেছিল।
আইসিসিকে বিসিসিআই অনুরোধ জানিয়েছিল ধোনিকে যেন সে চিহ্নটি ব্যবহার করতে দেওয়া হয়। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থা শক্ত অবস্থানের কারণে বিসিসিআই পেছনে সরে আসে। ধোনিও গ্লাভস থেকে চিহ্ন সরিয়ে আইসিসির নির্দেশকে সম্মান জানিয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ থেকেই প্যারা কমান্ডো ইউনিটের চিহ্ন ব্যবহার করেছিলেন ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক। রাষ্ট্রীয় পুরস্কার ‘পদ্মভূষণ’ গ্রহণ করেছিলেন সামরিক পোশাকে। ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক ‘ক্যাপ্টেন’ উপাধিও আছে তাঁর।