কিরিয়সকে শেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্ন,নিক কিরিয়স
শেন ওয়ার্ন,নিক কিরিয়স

অমিত প্রতিভাবান, কিন্তু খ্যাপাটে। বয়স মাত্র ২০, কিন্তু এরই মধ্যে বিতর্কিত আচরণের জন্য টেনিস বিশ্বে নিক কিরিয়স নিন্দিত এক খেলোয়াড়। কিছুদিন আগে স্তানিস্লাস ভাভরিঙ্কার বান্ধবীকে নিয়ে বাজে মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন। আর পরশু ইউএস ওপেনে অ্যান্ডি মারের কাছে হারের পর সংবাদমাধ্যমের সঙ্গে তর্কবিতর্কও করলেন তাঁকে ‘ভিলেন’ হিসেবে উপস্থাপন করার জন্য।
বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়ার টেনিসের এই ভবিষ্যৎ তারকা যাতে হারিয়ে না যান, তা নিয়ে চিন্তিত অনেকেই। এঁদেরই একজন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেট কিংবদন্তির নিজের খেলোয়াড়ি জীবনটাও কম বিতর্কিত ছিল না। তবে দিন শেষে সবাই মনে রেখেছে ওয়ার্নের মাঠের কীর্তিকেই। বিতর্ককে পেছনে ফেলে কীভাবে সামনে এগিয়ে যেতে হবে, তা নিয়েই কিরিয়সকে পরামর্শ দিয়েছেন ওয়ার্ন। নিজের ফেসবুক পেজে লেখা এক খোলা চিঠিতে কিরিয়সকে টেনিসে মনোযোগ দিতে বলেছেন সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার।
প্রিয় নিক কিরিয়স,
আমরা সবাই বুঝতে পারি তোমার বয়স মাত্রই ২০। তোমাকে কত কিছু শিখতে হবে বন্ধু। কিন্তু দয়া করে প্রতিভার অপচয় করো না। বিশ্বের সবাই বিশেষ করে অস্ট্রেলীয়রা তোমাকে শ্রদ্ধাই জানাতে চায়। মনে রেখো, জনপ্রিয় হওয়ার চেয়ে শ্রদ্ধা অর্জন অনেক বড়। তোমাকে শ্রদ্ধা করতে হবে টেনিস খেলাটাকে, নিজেকে। ভুল আমরা সবাই-ই করি, কিন্তু ভুল থেকেই আমরা আবার শিখি। আমরা যখন হেরে যাই, আমাদের তখনকার আচরণটাই তুলে ধরে চারিত্রিক দৃঢ়তা। তুমি কিন্তু বন্ধু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। দেখিয়ে দাও তোমার মধ্যে কী আছে, দেখিয়ে দাও বিশ্বসেরা হওয়ার জন্য তুমি কতটা ক্ষুধার্ত। এখনই সময় এগিয়ে আসার, জিততে শুরু করারও। কোনো অজুহাত চলবে না। হেরে গেলে কিসের লজ্জা, তবে আমাদের দেখিয়ে দাও তুমি কখনো হাল ছাড়ো না। দেখিয়ে দাও তুমি শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাই করে গেছ। সম্মান অর্জন করতে হয়, সেটি কেউ দেয় না! আমি বিশ্বাস করি তুমি পারবে। কিন্তু বন্ধু শুরুটা কিন্তু এখনই করতে হবে...