
অঙ্কুরেই শেষ বার্নি গিবসনের ক্যারিয়ার। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার ক্রিকেটকে বিদায় বলে দিলেন ১৯ বছর বয়সেই। ২০১১ সালের এপ্রিলে ১৫ বছর ২৭ দিন বয়সে ইয়র্কশায়ারের হয়ে অভিষেক হয়েছিল এই উইকেটকিপার ব্যাটসম্যানের। গিবসনের আগে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন চার্লস ইয়াং। সেই ১৮৬৭ সালের জুনে হ্যাম্পশায়ারের হয়ে কেন্টের বিপক্ষে ইয়াংয়ের অভিষেক হয়েছিল ১৫ বছর ১৩১ দিন বয়সে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের তুলনায় অবশ্যই গিবসন-ইয়াংরা যথেষ্টই বুড়ো। অবিশ্বাস্য হলেও সত্যি, ১২ বছর ৭৩ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন আলিমুদ্দিন! রাজস্থানের আজমিরে জন্ম ১৯৩০ সালে। ১৯৪২-৪৩ রনজি ট্রফিতে অভিষেক রাজস্থানের হয়ে। দেশভাগের পর এই ওপেনার চলে যান পাকিস্তানে। পরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক ১৯৫৪ সালে, খেলেছেন ২৫ টেস্ট। ২০১২ সালে মারা যান লন্ডনে।