কিশোর ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

ছবিটা দেখুন। বিরাট বিলবোর্ড। সেখানে কলকাতা নাইট রাইডার্স তারকাদের ছবি। হয়তো অঙ্কিত কেশরিও একদিন বিলবোর্ডে গম্ভীর-ইউসুফ-সাকিবদের মতো বড় তারকা হতে পারতেন। উজ্জ্বল তারকা হিসেবে ঠাঁই পেতে পারতেন এমন ঢাউস বিলবোর্ডের বিজ্ঞাপনে। কী নির্মম নিয়তি, প্রিয় তারকাদের ‘সামনে’ দিয়ে অঙ্কিত যাচ্ছেন শব হয়ে।
কতইবা বয়স হয়েছিল তাঁর। এখনো ২০-এর চৌকাঠ পেরোননি। অথচ এই বয়সে ঠিকানা নিতে হলো আকাশে। ফিল হিউজের শোকের রেশ না কাটতেই ক্রিকেট মাঠে আবারও ঝরে গেল আরও একজন সম্ভাবনাময় ক্রিকেটারের প্রাণ। অঙ্কিত আজ মারা গেছেন কলকাতায়।
দুর্ঘটনাটা ঘটেছিল গত শুক্রবার ক্রিকেট মাঠেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ভবানীপুরের সঙ্গে খেলছিল ইস্ট বেঙ্গল। ভবানীপুরের ইনিংসের ৪৪তম ওভারে একটা ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ সৌরভ মণ্ডলের সঙ্গে সংঘর্ষ হয় অঙ্কিতের। সৌরভের পা তাঁর মাথায় লাগে, মুখ দিয়ে রক্ত পড়তে থাকে পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটারের। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই দিন জ্বরে ভোগার পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ কলকাতা হাসপাতালে মারা যান অঙ্কিত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটে। শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলেসহ অনেক সাবেক ক্রিকেটার শোক জানিয়েছেন এ ক্রিকেটারের অকালমৃত্যুতে। রয়টার্স, এএফপি।