কী আছে আইপিএলের ভবিষ্যতে?

লোধা কমিশন আইপিএলের অনিয়ম প্রসঙ্গে নিজেদের রায় দিয়েছে গতকাল। রায়ে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অর্থকরী এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে। এই দুই দলের কর্ণধারেরাও হয়েছেন আজীবনের জন্য বহিষ্কৃত। ক্রিকেটের নামে এই প্রতিযোগিতায় দীর্ঘ দিন ধরে চলা নানা অনিয়মের শাস্তি হওয়ায় স্বস্তির নিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। কিন্তু একই সঙ্গে উঠে এসেছে অসংখ্য প্রশ্নও। ঝাঁ-চকচকে এই প্রতিযোগিতার ভবিষ্যৎটা আসলে কী? আইপিএল কি পারবে সব বিতর্ককে পেছনে ফেলে, ক্রিকেটের সত্যিকারের চেতনা সমুন্নত রেখে এই প্রতিযোগিতাটি চালিয়ে নিতে? ব্যাপারটি যে খুব সহজ হবে না, সেটা খুব ভালো করেই জানেন ভারতীয় ক্রিকেট-সংশ্লিষ্টরা। এই মুহূর্তে এ-সংক্রান্ত বিভিন্ন দুশ্চিন্তা বেশ ভালোভাবেই পেয়ে বসেছে তাদের।
নিষিদ্ধ দুই দলের ভবিষ্যৎ কী?
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ। তবে কমিশন তাদের রায়ে জানিয়েছে, এই দুই দলে খেলা খেলোয়াড়েরা এই বিধি-নিষেধ থেকে মুক্ত। আইপিএলে তাঁদের খেলতে কোনো বাধা নেই। আইপিএল পরিচালনা পর্ষদ ইচ্ছা করলেই দুটো নতুন দল গঠন করতে পারে অথবা নিষিদ্ধ দুই দলের খেলোয়াড়দের নিলাম করে বিভিন্ন দলে ভাগ করে দিতে পারে।
কেমন হবে আগামী আইপিএলের চেহারা?
আগামী আইপিএল কয় দলের হবে, এখন প্রশ্ন এটিই। প্রতিযোগিতাটি পরিণত হতে পারে ছয় দলের। পরিচালনা-পর্ষদ নতুন নামে দুটো দলও ছেড়ে দিতে পারে। চেন্নাই ও রাজস্থানের খেলোয়াড়দের নিয়েই গঠিত হতে পারে নতুন দুটো দল। ছয় দলের প্রতিযোগিতা হলে চেন্নাই ও রাজস্থানের সব খেলোয়াড়ের স্থান পুরোনো ছয় দলের মধ্যে না-ও হতে পারে। সে ক্ষেত্রে বিপদে পড়তে পারেন অনেক খেলোয়াড়ই।
চেন্নাই-রাজস্থান কী করবে?
লোধা কমিশনের রায় গেছে চেন্নাই আর রাজস্থান দলের মালিকদের বিরুদ্ধে। এখন শাস্তিপ্রাপ্ত মালিকদের কাছ থেকে যদি নতুন কোনো উদ্যোক্তা এই দুটো দলের ফ্রাঞ্চাইজ কিনে নিতে পারে, তাহলে চেন্নাই সুপার কিংস কিংবা রাজস্থান রয়্যালস নাম দুটো ব্যবহারে কোনো বাধা থাকার কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে চেন্নাই আর রাজস্থানের মালিকপক্ষ কী আসলেই তাদের মালিকানা বিক্রি করতে রাজি থাকবে? কাল কমিশনের রায় বের হওয়ার পরপরই চেন্নাই সুপার কিংসের মালিকপক্ষের কাছ থেকে ভারতীয় সুপ্রিম কোর্টে এ ব্যাপারে আপিল করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।
নতুন আসরের স্বচ্ছতা
এই মুহূর্তে আইপিএল পরিচালনা-পর্ষদের মূল চ্যালেঞ্জ এই স্বচ্ছতা আনাই। কয়েকটি অনিয়মের শাস্তি হয়তো হচ্ছে, কিন্তু অনেকেরই বিশ্বাস অপরাধের শিকড় বিস্তৃত অনেক গভীর পর্যন্তই। কেবল চেন্নাই কিংবা রাজস্থানই যে অনিয়ম ও দুর্নীতি করেছে, এমনটা বিশ্বাস করেন না অনেকেই। তবে এই শাস্তি বাকিদেরও সাবধান করে দেবে বলে বিশ্বাস সবার। কিন্তু এর পরও থেকে যাচ্ছে অনেক প্রশ্ন। আইপিএল পর্ষদ এই প্রশ্নগুলোর যত দ্রুত সমাধান করতে পারবে প্রতিযোগিতাটির ভাগ্যাকাশ থেকে কালো মেঘ সরে যাবে তত দ্রুতই। নয়তো এই প্রতিযোগিতাটিকে ‘আইসিএল’-এর ভাগ্যও বরণ করতে হতে পারে। সূত্র: পিটিআই।