কী আছে শেষ দিনে?

ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। এল্টন চিগুম্বুরার কথাটাকে সে জন্যই এক ফুৎকারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নইলে কাল দিন শেষের সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্য বিস্ময়েরই জন্ম দিয়েছে। টেস্টের শেষ দিনে জয়ের লক্ষ্যটা ৩০০ বা তার আশপাশে থাকলেও নাকি জিম্বাবুয়ের সেটা টপকে যাওয়ার সামর্থ্য আছে!
চতুর্থ দিন শেষে বাংলাদেশ লিড পেয়েছে ২৬৬ রানের। হাতে আরও ৫ উইকেট। ঠিক কত রান হলে জিম্বাবুয়েকে আরেকবার ব্যাটিংয়ে ডাকা হবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কালই। লক্ষ্যটা তিন শর ওপরেই রাখার চিন্তাভাবনা। অবশ্য চিগুম্বুরার বড় বড় কথায় যদি বাংলাদেশ দ্বিধান্বিত হয়ে পড়ে, তাহলে আলাদা কথা। ‘জেতার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা জয়েরই চেষ্টা করব। আগে তাদের পাঁচটা উইকেট নিতে হবে এবং দেখতে হবে আমাদের সামনে তাড়া করার জন্য কত রানের লক্ষ্য থাকে। ৩০০ বার তার আশপাশে যেকোনো রানই তাড়া করার মতো। উইকেটটা এখনো ব্যাট করার জন্য ভালো’—চতুর্থ দিন শেষের সংবাদ সম্মেলনে বলে গেছেন চিগুম্বুরা।
বাংলাদেশের মাটিতে হওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাস ঘাঁটা থাকলে হয়তো এতটা সাহসী হতেন না তিনি। এখানে চতুর্থ ইনিংসে ২৫০-এর বেশি রান তাড়া করে জেতার ঘটনা মাত্র দুটি। ২০০৮-এ চট্টগ্রাম টেস্টে ৭ উইকেটে ৩১৭ রান করে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। ড্যানিয়েল ভেট্টোরির অসামান্য ব্যাটিংয়ের অবদান ছিল তাতে। অন্য সাফল্যটি অস্ট্রেলিয়ার। রিকি পন্টিংয়ের সেঞ্চুরির সৌজন্যে ২০০৬ সালে ফতুল্লায় বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা ৩ উইকেট হাতে রেখেই।
চিগুম্বুরা বলতে পারেন, ‘দুটি উদাহরণ তো আছেই! তাহলে আমরা পারব না কেন?’ তাঁরা পারবেন কি না দেখা যাবে আজ। কিন্তু কাল চতুর্থ দিনেই শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেট যেমন আচরণ করেছে, তাতে আজ সেখানে ব্যাটিং করা বেশ কঠিনই হওয়ার কথা। উইকেট থেকে হয়তো খুব বেশি টার্ন পাচ্ছেন না স্পিনাররা, তবে বল হঠাৎ হঠাৎই নিচু হয়ে যাচ্ছে। কখনো দিচ্ছে লাফ। এ রকম অসম বাউন্সের উইকেটে চতুর্থ ইনিংসে তিন শ রান টপকাতে পারা মানে অসাধ্য সাধন। চিগুম্বুরা অবশ্য এ কথার সঙ্গেও একমত নন। উইকেট নিয়ে তাঁর বিশ্লেষণ, ‘আমার মনে হয় উইকেটের আচরণ অস্বাভাবিক ঠেকেছে খুব অল্প কিছু বলেই। কালও (আজ) এ অবস্থার খুব পরিবর্তন হবে বলে মনে হয় না।’
চিগুম্বুরা আর তার জিম্বাবুয়ে দলের চিন্তার ঠিক উল্টো চিন্তাই প্রবাহিত হচ্ছে বাংলাদেশ শিবিরে। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হক যেমন বললেন, ‘চতুর্থ ইনিংসে কিন্তু দেড় শ রান করাও খুব কঠিন। দেড় শ, দুই শ বা তিন শ বলেন...খুবই কঠিন। তার মধ্যে আবার বল নিচু হচ্ছে।’ তার পরও নিরাপদে থাকার জন্য ভালো একটা অবস্থানে না গিয়ে ইনিংস ঘোষণা করবে না বাংলাদেশ। যদিও আজ শেষ দিনে দলের লক্ষ্যটা জয়ই, ‘আমার মতে টেস্টে এখন আমরাই ভালো অবস্থানে আছি। কাজেই আমরা ড্রয়ের জন্য যাব না। আমরা ফলের (জয়) জন্য যাব। এটাই জানি আমি...।’
কাল দিনের খেলা শেষে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক মুশফিকুর রহিম এবং তিন নির্বাচককে মাঠে দাঁড়িয়ে লম্বা সময় আলোচনা করতে দেখা গেছে। আলোচনার বিষয়বস্তু বুঝতে অসুবিধা হয়নি কারোরই। তাঁরা আসলে এঁকে ফেলেছেন শেষ দিনের ছকটাই। দল সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ের সামনে কমপক্ষে ৩১০-৩২০ রানের লক্ষ্য দেওয়ার পরিকল্পনা দলের, যাতে ওভারপ্রতি রানের গড়টা থাকে সাড়ে চারের কাছাকাছি। সে জন্য বাংলাদেশ দল হয়তো আজ আরও ঘণ্টা খানেক ব্যাট করবে। তার আগে সকালে উইকেটে ভারী রোলার ব্যবহারেরও পরিকল্পনা আছে। তাতে ঘণ্টা খানেকের জন্য উইকেটটা ব্যাটিং উপযোগী হয়ে উঠলেও ভাঙতে পারে এরপরই। বাংলাদেশ দলের জন্য দুটি সম্ভাবনাতেই লুকিয়ে দুরকম সুবিধা।