কী এমন জাদু জানেন হাথুরুসিংহে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাথরুর সঙ্গে তাঁর নেপথ্যের ছোট্ট সেনাবাহিনী। বোলিং কোচ হিথ স্ট্রিক, কন্ডিশনিং কোচ ভিল্লাভারায়ান। ছবি: বিসিবি
হাথরুর সঙ্গে তাঁর নেপথ্যের ছোট্ট সেনাবাহিনী। বোলিং কোচ হিথ স্ট্রিক, কন্ডিশনিং কোচ ভিল্লাভারায়ান। ছবি: বিসিবি

প্রশ্নটা প্রথমে সংবাদ সম্মেলনেই করা হলো। রোশান মহানামার এককালের ওপেনিং সঙ্গী যেন রক্ষণাত্মক ভঙ্গিতে এড়িয়ে গেলেন। কিন্তু উত্তরটা জানা যে খুব দরকার! সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফিরছেন। বিকেলের মরে যাওয়া আলোতেও উদ্ভাসিত দেখাচ্ছিল তাঁকে। তৃপ্তির উজ্জ্বলতা। তখন প্রশ্নটা করা হলো আবার। এবার এক গাল হেসে বললেন, ‘সত্যি আমার হাতে ম্যাজিক নেই। নিজেকে মোটেও জাদুকর ভাবি না। দলটা আসলে গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে। তারই ফল মিলছে।’

তিনি জাদুকর নন, কোচ। কিন্তু কোনো কোনো কোচ জাদুকরও হয়। যেমন অ্যালেক্স ফার্গুসন, ভাঙাচোরা বিপন্ন ক্লাবকে বদলে দিয়েছিলেন যিনি। যেমন হোসে মরিনহো, সগর্বে নিজেকে দাবি করতে পারেন স্পেশাল ওয়ান। যেমন পেপ গার্ডিওলা, চার বছরে ১৪ শিরোপার বিস্ময়কর এক আখ্যান। যেমন ইয়ুর্গেন ক্লপ কিংবা ডিয়েগো সিমিওনে; তারকাহীন সাধারণ একটা দলকে অসাধারণ বানিয়ে ফেলতে জানেন। কোচরা কোচই। কিন্তু কিছু কিছু কোচ তো আশ্চর্য জাদুর কাঠি নিয়েও আসেন। কিংবা পরশপাথর।

দল পরিশ্রম করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সব দলই তো সাফল্য পায় না। সব সফল কোচের কাছেই কিছু আলাদা মন্ত্র থাকে, ভিন্ন কৌশল থাকে, যেটা তাঁকে আলাদা করে দেয় সবার থেকে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের সবচেয়ে বড় ক্ষমতা খেলোয়াড়দের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারা। ম্যান ম্যানেজমেন্টে লেম্যানের জুড়ি মেলা ভার। দলের কো​ন খেলোয়াড়কে কোথায় টোকা দিলে কাজ হবে, অস্ট্রেলিয়ান কোচ সেটা ভালো জানেন।

হাথুরু যেন সেই ঘুম ভাঙানো কাঠি নিয়ে এসেছেন। জেগে উঠেছে বাংলাদেশ!
বাংলাদেশ তখন ব্যর্থতার আবর্তে ঘুরপাক খাচ্ছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে সিরিজ হার। এরপর এশিয়া কাপেও ব্যর্থতা। সবচেয়ে বড় লজ্জা—ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে ৩২ রানে হার। ব্যর্থতার চোরাবালিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। হংকংয়ের মতো দলের কাছে হার!
দলের ব্যর্থতায় নানা কাটাছেঁড়া তখন। অথচ এর সাত-আট মাস আগেই দল নিউজিল্যান্ডকে ওয়ানডেতে বাংলাওয়াশ করেছিল, টেস্ট সিরিজও ড্র করেছিল। সাফল্যের ক্ষণে হাজারো স্তুতি হলেও ব্যর্থতার সময় কেউ ওসব মনে রাখে না। সবার কাছে বর্তমান সাফল্যই মুখ্য।
এ সময় দলের দায়িত্ব নিলেন হাথুরু। ২০১৪ সালের মেতে। শুরুটা হলো ভয়াবহ। ফুটবল বিশ্বকাপের ডামাডোলে জুনে ভারতের তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারল ২-০ ব্যবধানে। এর মধ্যে সেই ৫৮ রানে অল আউট হওয়ার লজ্জা। মাত্র এক মাস সময় পেয়েছিলেন তখন। দলের খেলোয়াড়দেরই হয়তো ঠিকমতো চিনে উঠতে পারেননি। তবুও একটা অংশ থেকে প্রশ্ন উঠে গেল, এ কাকে কোচ করে আনল বাংলাদেশ! আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর সংশয় আরও বাড়ল।
ক্রমেই জয় ভুলতে বসা দলকে ছন্দে ফেরানোর প্রথম সুযোগটা পেলেন অক্টোবর-নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। তিন টেস্ট, পাঁচ ওয়ানডেতে স্রেফ উড়িয়ে দিয়ে আবারও জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। এরপর মিশন বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশ কতটা সফল হবে, এমন প্রশ্ন বাতাসে। বাংলাদেশের পুঁজি তখন জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস। আর? হাথুরুসিংহে! কেন? কোচ দীর্ঘদিন কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনে। ওই কন্ডিশন তাঁর চেয়ে ভালো জানবে কে?
দুই সপ্তাহে আগে অস্ট্রেলিয়ায় ঘাঁটি গাড়া বাংলাদেশ চারটি প্রস্তুতি ম্যাচে হেরে বিশ্বকাপ নিয়ে সমর্থকদের প্রত্যাশা নিয়ে গেল একেবারে তলানিতে। সেই দলটাই, হ্যাঁ, সেই বাংলাদেশ দলটাই বিশ্বকাপে এমন খেলল, সবাই চোখ কচলে তাকাতে বাধ্য হলো। যা ঘটছে, সত্যি তো! এর পরের অ​ধ্যায় তো জানাই। পাকিস্তান বাংলাদেশ সফরে এসে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি! বরং ওয়ানডে, টি-টোয়েন্টির পর মনে হচ্ছে টেস্ট সিরিজটাতেও খালি হাতে ফিরতে হবে তাদের।
অথচ দলের দায়িত্ব নিয়েছেন এক বছরও হয়নি। ক্রীড়া​ বিশ্ব যাঁকে একবাক্যে কোচদেরও কোচ বলে মানে, সেই ফার্গুসনেরও প্রথম লিগ শিরোপা এনে দিতে সময় লেগেছিল সাত বছর।
হাথুরু সবচেয়ে বড় দিকটা হলো খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া। একজন খেলোয়াড় যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাকে চাপে না ফেলে সেভাবেই খেলার স্বাধীনতা দেওয়াই তাঁর সহজ দর্শন। খুলনা টেস্টের নায়ক তামিম ইকবাল কাল বলছিলেন, ‘কোচের যে জিনিসটা আমার কাছে ইতিবাচক লাগে, সব সময়ই আমাদের সহজাত খেলাকে সমর্থন দেন। কেউ যদি আক্রমণাত্মক খেলতে চায়, সেটা খেলে আউট হলেও কোচ আগলে রাখেন। এমন সমর্থন পেলে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের হয়ে আসে।’
হাথুরুর আরেকটি বড় দিক, একজন খেলোয়াড় দু-একবার ব্যর্থ হলেই বাতিলের খাতায় ফেলে না দেওয়া। বরং তাকে সুযোগ দেওয়া ফিরে আসার। বিশ্বকাপ ও ঘরোয়া ক্রিকেটে ব্যর্থ ইমরুলের টেস্টে অন্তর্ভুক্তি নিয়ে যখন প্রশ্ন, কোচই আগলে রেখেছিলেন বাঁহাতি ওপেনারকে। এরপর? প্রথম ইনিংসে ফিফটির পর, দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের অসাধারণ ইনিংস!
খুলনা টেস্ট ড্রয়ের পর কাল বলছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বিরাট এক টার্নিং পয়েন্ট।’ বিশ্বকাপটিও কি সেই টার্নিং পয়েন্ট নয়? কিংবা ১৬ বছর ধরে একটা দলের বিপক্ষে জিততে না-পারার মানসিক বাধার গেরোয় আটকে থাকার পর এমন দুর্দান্ত খেলা?
কিন্তু কোনো কৃতিত্বও নিতে চান না তিনি​। ‘ক্রিকেট ইজ আ ক্যাপটেনস গেম’ বলে এড়িয়ে যেতে চান। সব কৃতিত্ব দিয়ে ​দিতে চান খেলোয়াড়দের, ‘অনেক দিন ধরেই খেলোয়াড়েরা পরিশ্রম করছে। আমার কাজ ড্রেসিংরুমে ও ২২ গজে তাদের স্বাধীনতা দেওয়া।’
যেন গার্দিওলা বলছেন, ‘আমার কোনো কৃতিত্ব নেই, আমার সৌভাগ্য আমি অসাধারণ একটা দল পেয়েছি।’ হ্যাঁ দলটা অসাধারণ ছিল, কিন্তু তারা যে সত্যিই অসাধারণ, সেই বিশ্বাস তো মনের গহীনে পুঁতে দিতে হবে। জাদুকর কোচ কিংবা কোচের জাদুটা তো এখানেই!