কী এমন বার্তা পেয়েছিলেন তাসকিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিনের কাল পাখি হয়ে ওড়া। ছবি: প্রথম আলো
তাসকিনের কাল পাখি হয়ে ওড়া। ছবি: প্রথম আলো

আফগানিস্তান ইনিংসের ৪২ ওভারের মধ্যে বল করেছিলেন ৬ ওভার। তাতে ৪৯ রান দিয়ে উইকেটশূন্য। 

৪৮ ওভারে আবার বোলিংয়ে এসে করলেন দুই ওভার। এই ১২ বলের পারফরম্যান্স? রান দিলেন ১০, উইকেট ৪টি। 
তাসকিন আহমেদের এমন বদলে যাওয়ার রহস্য কী ছিল কাল? 
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে শেষবেলার নায়ক তো ২১ বছর বয়সী পেসারই। হ্যাঁ, সাকিব আল হাসানের করা ৪৭তম ওভারটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, পথ দেখিয়েছে বাংলাদেশকে। কিন্তু সেই পথ ধরে বাংলাদেশকে জয় এনে দিলেন তাসকিন। শেষ দিকে চাপের মুখে কীভাবে অমন বোলিং করলেন?
উত্তরটা পাওয়া গেল বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছে। মাশরাফিদের কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির এটি প্রথম অ্যাসাইনমেন্ট। তাতে প্রথম দিনে শিষ্যদের, বিশেষ করে তাসকিনের শেষ দিকে অমন দাঁত চেপে লড়াইয়ে কোচিং সদস্যদের অবদানও ছিল। আজ সংবাদ সম্মেলনে ওয়ালশ বললেন, ‘আমরা বার্তা পাঠাচ্ছিলাম ওকে, নির্ভার থাকতে বলছিলাম। বেশি চাপ নিতে বারণ করেছি। শুধু বলেছি, অনুশীলনে যা করেছ, সেটিই করে যাও। আসলে সবাই যতটুকু পেরেছে, করেছে। আমার মনে হয়, অনেক দিন খেলিনি বলে সবাই একটু বেশিই চেষ্টা করছিল। ম্যাচ খেলার অভ্যাসে কিছুটা তো ধুলো তো পড়েছিলই। তবে ছেলেরা এ থেকে ঘুরে দাঁড়িয়েছে, দুর্দান্ত পারফরম্যান্সও করেছে।’ 
তাতে স্বাভাবিকভাবে সবার আগে আসছে তাসকিনের নাম। আগের দিনই আইসিসির কাছ থেকে বোলিং অ্যাকশনের শুদ্ধতার ছাড়পত্র পেয়েছেন। মুক্তি পাওয়ার দিনে শুরুতে একটু ঝিমিয়ে গেলেও শেষ দিকে তাসকিন উড়েছেন ডানা মেলা পাখির মতো। ওয়ালশের কণ্ঠেও ঝরল শিষ্যের প্রশংসা, ‘ও খুব ভালো করেছে। ম্যাচের আগে অনেক চাপেই ছিল ও। আইসিসির কাছে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার প্রায় ১০ মাস পর এমন মানের ম্যাচ খেলা সহজও নয়। আমার মনে হয়, শুরুতে একটু বেশিই ঢেলে দেওয়ার চেষ্টা করেছে ও। কিন্তু যখন সবচেয়ে বেশি দরকার ছিল, ও ঠিকই পারফর্ম করেছে। যেভাবে ফিরে এসেছে, তার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। খুব খারাপ দিনও হতে পারত ওর, তাতে ম্যাচটা আমরা হেরেও যেতে পারতাম।’
শুধু তাসকিনই নয়, সাকিবেরও প্রশংসা করেছেন ওয়ালশ, ‘ওরা দুজন শেষ দিকে দুটি ওভারে অসাধারণ বোলিং করেছে। সাকিব ম্যাচ বদলে দেওয়া ওভারটি করেছে, ওটাই আমাদের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। অন্যরাও এতে আত্মবিশ্বাস পেয়েছে, (আস্কিং) রানরেট বেড়ে গেছে। পুরো দলেরই দুর্দান্ত পারফরম্যান্স ছিল।’
এমন ‘টিম’ হয়ে খেলাই তো বছর খানেক ধরে বদলে যাওয়া বাংলাদেশের মূল সুর।