কী করলেন ও'কিফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ তুলে দিয়ে হতাশ অজিঙ্কা রাহানে। বোলার স্টিভেন ও’কিফের (মাঝে) উচ্ছ্বাস তখন দেখে কে! l এএফপি
পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ তুলে দিয়ে হতাশ অজিঙ্কা রাহানে। বোলার স্টিভেন ও’কিফের (মাঝে) উচ্ছ্বাস তখন দেখে কে! l এএফপি

স্টিভ ও’কিফ! গতকাল পর্যন্ত এ নামটা খুব একটা মনোযোগ কাড়ত না।
অস্ট্রেলিয়ান এই স্পিনারকে দু-একজন যাওবা চিনত, তাতে তাঁর বাঁহাতি স্পিনের চেয়ে ব্যাটিংয়েরই বেশি অবদান। গত বছর পাল্লেকেলে টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার কোনো কথাই ছিল না তাঁর। কিন্তু দলের হার বাঁচাতে হ্যামস্ট্রিংয়ের চোট উপেক্ষা করেই নেমে পড়েছিলেন। এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কোনোমতে, তাই দৌড়ে রান নেওয়ার প্রশ্ন ছিল না। নবম উইকেটে পিটার নেভিলের সঙ্গে ১৭৮ বলের জুটি গড়েছিলেন, ৯৮ বলে ৪ রান করে দেখিয়েছেন টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলতে হয়!
ও রকম কীর্তি করে কাব্য করা যায়, টেস্টটা ড্র করতে পারলে ইতিহাসেও নাম লেখাতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়া দলে সুযোগ পাচ্ছেন যে কারণে সেই বোলিংয়েই তো কখনো কিছু করে দেখাতে পারেননি। ভারত সিরিজে ডাক পেয়েছেন শুধু উপমহাদেশের উইকেট বলেই!
কিন্তু একটা স্পেলই সব পাল্টে দিল। ২৪ বলের একটা ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত করলেন ভারতের ব্যাটিং লাইনআপকে। মাত্র ৫ রানের মধ্যে তুলে নিলেন ৬ উইকেট। সেই ও’কিফ, টেস্ট ক্যারিয়ারে এর আগে পুরো ম্যাচ মিলিয়েও কখনো ৫ উইকেট পাননি যিনি! মাত্র ১১ রানে ৭ উইকেট হারিয়ে ১০৫ রানে অলআউট সময়ের সেরা ব্যাটিং লাইনআপ। মাত্র দশম অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে ভারতের মাটিতে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। বাঁহাতি স্পিনার হিসেবে তাঁর চেয়ে ভালো বোলিং ছিল মাত্র একজনের—মাইকেল ক্লার্ক। ২০০৪ সালে ওয়াংখেড়ের ভয়ংকর উইকেটে খণ্ডকালীন বোলিংয়ে ৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন ক্লার্ক।
তবে এমন সাফল্যের জন্য পিটার হ্যান্ডসকম্বকে ধন্যবাদ দিতেই হচ্ছে ও’কিফকে। প্রথম ৯ ওভারে উইকেটশূন্য ছিলেন, রান বিলিয়েছেন দুই হাতে। রাহানেকে অসাধারণ এক ক্যাচ বানিয়ে হ্যান্ডসকম্বই বদলে দিলেন ও’কিফের ভাগ্য, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সবাই দারুণ সাহায্য করেছে, বিশেষ করে হ্যান্ডসকম্ব। প্রথম ৬ ওভার খুব সাধারণ ছিলাম। প্রান্ত বদলাতেই বলটা আরেকটু ঘুরতে শুরু করল।’
‘একটু’ ঘুরতেই কোহলিদের এ দশা! দ্বিতীয় ইনিংসে এ উইকেটে তাহলে কী হতে যাচ্ছে?