
অবিশ্বাস্য!
ফাস্ট বোলাররা নিজেদের উজাড় করে দিচ্ছেন, বল উঁচু-নিচু হচ্ছে, স্পিনারদের বল ইচ্ছামতো টার্ন করছে, গ্যালারিতে গর্জন করছে হাজারো দর্শক। প্রতিপক্ষের যুদ্ধংদেহী ভাব, বচসার মাঝেও বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন সদ্য কৈশোর পেরোনো একজন, নিজেকে হারিয়ে খোঁজা আরেকজনও টেনে নিচ্ছেন দলকে—টেস্ট ক্রিকেটে এর চেয়ে ভালো বিজ্ঞাপন বিশ্ববিখ্যাত কোনো মিডিয়া হাউসও বানাতে পারত না।
দিনের প্রথম বলেই বাউন্ডারি। সকালটা যে এখন আর দিনের পূর্বাভাস দেয় না, সেটা প্রমাণ করতেই বোধ হয় অমন একটা বল ইশান্ত শর্মার। দিনের বাকি সময়ে রীতিমতো আগুন ঝরেছে ইশান্তের হাত থেকে। উমেশ যাদবও গতি আর রিভার্স সুইংয়ে নাভিশ্বাস তুলেছেন ব্যাটসম্যানদের। বিভ্রান্তি ছড়ানো বেঙ্গালুরুর উইকেটে স্পিনাররা তো ব্যাটসম্যানদের ভোগাবেনই। তবু এমন এক দিনে মাত্র ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, ভারতের চেয়ে এখনই এগিয়ে ৪৮ রানে।
তাঁর ব্যাটিংটা দৃষ্টিসুখকর, এমন দাবি ম্যাট রেনশ নিজেও করবেন না। কালকের ইনিংসেও যে পাঁচটি চার মেরেছেন, চারটিই এসেছে স্লিপের আশপাশ দিয়ে। কিন্তু ২৬৩ মিনিটের এ ইনিংসটাই মুগ্ধ করার মতো। সাহস, চরিত্র আর একাগ্রতার এমন মিশেল না হলে যে কাল বিপাকেই পড়ত অস্ট্রেলিয়া। জাদেজা দারুণ বুদ্ধি করে একটা বল করে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেছেন তাঁকে। দিন শেষে তবুও সন্তুষ্ট রেনশ, ‘পুরো দিন ব্যাট করাটাই ছিল চ্যালেঞ্জ, আমরা সেটা করেছি।’
প্রথম ধাক্কাটা অবশ্য এসেছে অশ্বিনের হাত ধরে। লেগ স্টাম্পের আধ ফুট বাইরে পড়া বলটা যখন অফ স্টাম্প ভেঙে দিল, তখনই বোঝা গিয়েছিল দিনটা কেমন কাটবে। এই মৌসুমে নিজেদের সেরা বোলিং করেছেন ভারতের বোলাররা। একদিকে ইশান্ত-উমেশের রিভার্স সুইং, অন্যদিকে অশ্বিন-জাদেজার বৈচিত্র্য—অস্ট্রেলিয়া রান তুলবে কীভাবে? মধ্যাহ্নবিরতির আগে ২৯ ওভারে রান মাত্র ৪৭! কতটা কঠিন সে কাজ, সেটা রেনশই জানিয়েছেন, ‘পুনেতে জানতাম বল ঘুরবে, কিন্তু এখানে আগে বোঝার উপায় নেই কী হবে!’ তারপরও ওই সেশনের ক্রিকেট ছিল শ্বাসরুদ্ধকর।
শন মার্শকে সঙ্গী পেয়েছিলেন রেনশ। মুহূর্তের এক ভুলে আউট রেনশ, ভারতও যেন ফিরে এল ম্যাচে। চা-বিরতির আগে শেষ ওভারে ইশারা করে ভরা গ্যালারিকে উত্তাল করে তুললেন কোহলি। গ্যালারির গর্জন, ইশান্তের রিভার্স সুইং, বল পড়ে নিচু হয়ে যাওয়া—সব একবিন্দুতে মিলে শেষ বলে আউট মিচেল মার্শ। উইকেট পেয়ে ইশান্তের গর্জনরত অভিব্যক্তিটা দেখে ভয় পেতেই পারত অস্ট্রেলিয়া। দলের রান তখন ১৬৩। ১৫৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে আগের দিনই ১৮৯ রানে অলআউট হয়েছে ভারত। কিন্তু শন মার্শ ও ম্যাথু ওয়েড সব ভার কাঁধে তুলে নিলেন। ক্লান্তিমাখা এক শটে আউট হওয়ার আগে দলকে লিডও এনে দিয়েছেন মার্শ। তাতেই দিন শেষে আশা রেনশর কণ্ঠে, ‘আশা করি, আমরা আরও দুটি দিন ভালো খেলব এবং ট্রফিটা (বোর্ডার-গাভাস্কার) ধরে রাখব।’ স্টার স্পোর্টস, ক্রিকেট অস্ট্রেলিয়া।