কী খেয়ে নেমেছিলেন হ্যাজলউড
মাপা লেংথ থেকে উঠে আসা বল। বের হওয়ার চেয়ে ভেতরে ঢোকে বেশি। ব্যাটের কানা ছুঁয়ে জমে উইকেটেরক্ষকের গ্লাভসে, কিংবা স্লিপে। টেস্ট ক্রিকেটের চিরায়ত দৃশ্য। জশ হ্যাজলউড তাঁর চিত্রকর, গোলাপি তুলিতে আজ এঁকেছেন নিখুঁত এক ছবি।
জ্যারড কিম্বারের টুইট, ‘চিত্রনাট্যে সাহার উইকেট অন্তত কিছুটা বৈচিত্র্য এনেছে।’ মিড উইকেটে ক্যাচ দেন ঋদ্ধিমান সাহা। হ্যাজলউডের ওটুকুই যা বৈচিত্র্য। বাকিটা মনে করিয়ে দেয় গ্লেন ম্যাকগ্রাকে। নিখুঁত লেংথ থেকে বল তুলে ব্যাটসম্যানকে খেলার পর পেছনে তাকাতে বাধ্য করা, ক্যাচ! অ্যাডিলেডে আজ হ্যাজলউডের এমনই এক নিখুঁত দিন গেল।
অস্ট্রেলিয়ান পেসারের বোধ হয় তাড়া ছিল। মাত্র ২৫ বল ও ৮ রানের ব্যবধানে ৫ উইকেট! ভারতের হারের ছবি তাতে স্পষ্ট। দিনের খেলা শুরুর একটু পর তাঁকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক টিম পেইন। কতটা নিখুঁত ছিলেন তা দেখিয়ে দেন প্রথম বলেই। পেইনের গ্লাভসবন্দী মায়াঙ্ক আগাওয়াল। অজিঙ্কা রাহানেও হ্যাজলউডের ছোঁ মারা ডেলিভারির শিকার। বিরাট কোহলি ও প্রান্তে দর্শক। ভারতীয় অধিনায়ককে তাঁদের ঐতিহাসিক ধসের শুরুটা দেখিয়েছেন হ্যাজলউড।
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার শক্তিশালী শরীর ছন্দে থাকলে পেস বোলিং কতটা নিখুঁত হয়? তার সঙ্গে যোগ করুন অবিরাম একটা জায়গায় বল করে যাওয়া। খেলার মধ্যে ব্যাটসম্যানের সঙ্গে ধৈর্যের খেলা। সেই খেলায় হ্যাজলউড নাকি আগে কখনো এত ভালো খেলেননি। টেস্টে এর চেয়ে ভালো দিন কখনো গেছে কি না প্রশ্নে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের উত্তর, ‘মনে হয় না। সবকিছু পরিকল্পনামতো হয়েছে।’
তাতে রেকর্ড বইয়ে নাম উঠেছে হ্যাজলউডের। তাঁর চেয়ে কম রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন মাত্র দুজন অস্ট্রেলিয়ান। ৭৩ বছর আগে সর্বশেষ আর্নি টোশাক। আজ হ্যাজলউডের নিখুঁত বোলিংয়ে কোনোভাবেই খেলতে পারেনি ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। সামনের পায়ে কিংবা পেছনের পায়ে সবখানেই ছোঁ মেরে ক্যাচ তুলেছেন। গতি, বাউন্স ও অ্যাঙ্গেলে কোনো পেসারের এত ভয়ংকর সুন্দরভাবে ৫ উইকেট নেওয়ার স্পেল দেখা যায় খুব কমই।
এমনকি হ্যাটট্রিকও পেতে পারতেন। ঋদ্ধিমান ও রবিচন্দ্রন অশ্বিনকে পরপর দুই বলে তুলে নেওয়ার পর। অশ্বিন টেস্টে তাঁর ২০০তম শিকার। এতটাই নিখুঁত ছিলেন যে পরের ওভারে এসে প্রথম বলেই উইকেট। গ্লেন ম্যাকগ্রা যাওয়ার পর পেসারের এমন এক স্পেল দেখার তৃষ্ণা মিটিয়েছেন হ্যাজলউড।
তাঁর আরও একটি বড় গুণ ধারাবাহিক গতিতে বল করা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে। জানা গেল, ন্যূনতম ১০ টেস্ট খেলা পেসারদের মধ্যে ২০০৬ সাল থেকে হ্যাজলউড প্রায় সময় এ গতিতে বল করেছেন। এমন গতির সঙ্গে মাপা লাইন-লেংথ থেকে বল সাপের ছোবল মেরে উঠে এলে বিষ লাগবেই। ভারত সেই বিষেই নীল হয়ে টেস্ট হারল।