
শেষ দিনে জমজমাট রোমাঞ্চ উপহার দিয়েছিল আবুধাবি টেস্ট। দুবাইয়েও প্রতিশ্রুতি ছিল জমাট শেষ দিনের। এবার শারজা টেস্টের শেষ দিনটাও শুরু হচ্ছে রোমাঞ্চের আবাহন নিয়েই।
ইংল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। চতুর্থ দিন শেষে জয়ের সঙ্গে ব্যবধানটা ২৩৮ রানে নামিয়ে এনেছে ইংল্যান্ড। ইংলিশরা অবশ্য হারিয়ে ফেলেছে মঈন আলী ও ইয়ান বেলের উইকেট দুটি। অ্যালিস্টার কুকের দল শেষ পর্যন্ত লক্ষ্যটা পেরিয়ে সিরিজে সমতা আনতে পারলে নতুন রেকর্ডই করে ফেলবে। এশিয়ার মাটিতে এর আগে কখনোই ২০৯ রানের বেশি তাড়া করে জিততে পারেনি ইংল্যান্ড। ২০১০ সালে মিরপুরে ২০৯ রান তাড়া করে বাংলাদেশকে হারিয়েছিল ইংলিশরা।
প্রথম ইনিংসের ৭২ রানের ঘাটতি পুষিয়ে পাকিস্তান যে ইংল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য দিল তাতে বড় অবদান ইংলিশ ফিল্ডারদেরই। দিনের প্রথম ওভারেই উইকেটকিপার জনি বেয়ারস্টোর ব্যর্থতায় স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে যাওয়া মোহাম্মদ হাফিজের ক্যাচ ছেড়েছেন তাঁরা। ৯৭ রান নিয়ে দিন শুরু করা হাফিজ টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়ে যান দিনের তৃতীয় ওভারে। এরপর ১১৩ রানেও জীবন পেয়েছেন হাফিজ। নিজের বলে ফিরতি ক্যাচ নিতে পারেননি স্টুয়ার্ট ব্রড। আউট হওয়ার আগে হাফিজ যোগ করেছেন আরও ৩৮ রান। ২৯ রানে ক্যাচ পড়েছে আসাদ শফিকেরও। সামিত প্যাটেলের বলে মিড অনে ক্যাচ ছেড়েছেন জেমস অ্যান্ডারসন। শফিক পরে যোগ করেন আরও ১৭ রান। ক্যাচ মিসের মহড়ার মধ্যেই হাফিজের ক্যাচটি নিয়ে অষ্টম ইংলিশ ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন ইয়ান বেল। ৩ উইকেট নিয়ে ২০১৫ সালে প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট পেয়েছেন ব্রড।
রান তাড়ায় ভালোই শুরু করেছিল ইংল্যান্ড। কুক-মঈন আলী ১১ ওভারে ৩৪ রান তোলার পর প্রথম আঘাতটা হানেন বিদায়ী টেস্ট খেলা শোয়েব মালিক। ১ ওভার পর আবার আঘাত মালিকের, বেল ফিরেছেন কোনো রান না করেই। এএফপি, টেন ক্রিকেট।
স্কোরকার্ড
পাকিস্তান ১ম ইনিংস: ২৩৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০৬
পাকিস্তান ২য় ইনিংস
(তৃতীয় দিন শেষে, ১৪৬/৩; হাফিজ ৯৭*, রাহাত ০*)
রান বল ৪ ৬
হাফিজ ক বেল ব মঈন ১৫১ ২৬৬ ১৫ ৩
রাহাত ব অ্যান্ডারসন ০ ১২ ০ ০
মিসবাহ এলবিডব্লু ব ব্রড ৩৮ ৮৬ ২ ১
শফিক ব ব্রড ৪৬ ১০৯ ৪ ১
সরফরাজ ব প্যাটেল ৩৬ ৩৬ ৪ ০
ইয়াসির ক ব্রড ব রশিদ ৪ ১৬ ১ ০
রিয়াজ রানআউট ২১ ২৭ ২ ০
বাবর অপরাজিত ০ ৩ ০ ০
অতিরিক্ত (বা ৬, লেবা ৫) ১১
মোট (১১৮.২ ওভারে অলআউট) ৩৫৫
উইকেট পতন: ৩-১৪৬, ৪-১৫২, ৫-২৪৫, ৬-২৫৭, ৭-৩১২, ৮-৩১৯, ৯-৩৫৪।
বোলিং: অ্যান্ডারসন ২৬-৮-৫২-২, ব্রড ২৩-৬-৪৪-৩, প্যাটেল ১৯-১-৭৯-১, মঈন ২১.২-১-৭২-১, রশিদ ২৯-৩-৯৭-১।
ইংল্যান্ড ২য় ইনিংস (লক্ষ্য ২৮৪ রান)
মঈন এলবিডব্লু ব মালিক ২২ ৪৩ ২ ০
কুক ব্যাটিং ১৭ ৫৯ ১ ০
বেল ব মালিক ০ ৬ ০ ০
রুট ব্যাটিং ৬ ২৫ ০ ০
অতিরিক্ত (নো ১) ১
মোট (২২ ওভারে, ২ উইকেটে) ৪৬
উইকেট পতন: ১-৩৪, ২-৩৪।
বোলিং: রাহাত ২-০-১৩-০, রিয়াজ ২-০-১০-০ (নো ১), বাবর ৯-২-১১-০, মালিক ৭-৩-৮-২, ইয়াসির ২-০-৪-০।