কী বলতে কী বললেন ক্লার্ক!

‘সাকসেস’ কে না চায়। মাইকেল ক্লার্কও চান নিশ্চয়ই। তবে এখন থেকে অস্ট্রেলীয় অধিনায়ক মনে প্রাণে চাইবেন ‘সাকসেস’ শব্দটা যেন উচ্চারণ করতে না হয়, শুনতেও না হয়। এই শব্দটা কেন জানি তাঁর বেলাতে এসেই কেমন তালগোল পাকিয়ে ফেলে। মুখ ফসকে বেরিয়ে আসে এমন এক শব্দ, যাতে বাক্যের মানেটাই বদলে যায়। আর সেটা বদলে গিয়ে এমন চেহারা নেয়, সুধী সমাজে এমন কথা না বলাই ভব্যতার মধ্যে পড়ে!
গতকাল শুরু অ্যাশেজের তৃতীয় টেস্টের আগে এমনই বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন ক্লার্ক। ‘সাকসেস’ শব্দটির বদলে মুখ ফসকে বলে বসেছেন ‘সেক্স’। লর্ডসে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্লার্ক বলেন, ‘মোদ্দা ব্যাপারটা হলো ভালো ক্রিকেট খেলা। আমরা যখন ব্যাট করতে নামি, তখন কিন্তু স্কোরবোর্ডে রানের জায়গায় শূন্য থাকে। আবার যখন বোলিং শুরু করি, উইকেটের জায়গাতেও শূন্যই দেখায়।’
এ পর্যন্ত দুর্দান্তই বলেছেন। পরের বাক্যটাতেই গড়বড় করে ফেললেন। ‘সাফল্য পেতে চাইলে আপনাকে আপনার নিজের সেরাটা খেলতে হবে, যেমনটা আমরা লর্ডসে খেলেছি’—এ কথা বলতে গিয়ে ‘হ্যাভ সাকসেস’-এর জায়গায় (সাফল্য পেতে) বলে বসলেন ‘হ্যাভ সেক্স’। ব্যস্, সঙ্গে সঙ্গে সাংবাদিকদের মধ্যে হাসির কলরোল। ভুল বুঝতে পেরে ক্লার্কও মিটিমিটি লাজুক হাসি হাসলেন।
এমন গড়বড় এই প্রথম নয়। গত বিশ্বকাপেও সংবাদ সম্মেলনে একই ঘটনা ঘটেছিল। এবার অবশ্য ক্লার্ক ছিলেন অন্য প্রান্তে। এক সাংবাদিক অধিনায়ক হিসেবে ক্লার্কের অবিশ্বাস্য সাফল্যের (ট্রিমেনডাস সাকসেস) রহস্য জানতে গিয়ে জানতে চান ‘ট্রিমেনডাস সেক্স’ এর রহস্য! সেবারও বিষয়টি বেশ রসিকতার জন্ম দিয়েছিল। সেই ঘটনার কথা ক্লার্কও ভোলেননি। এ দিন সংবাদ সম্মেলনে নিজে এই ভুল করার পর বললেন, ‘শব্দটা এভাবে ভুলভাবে বের হয়ে আসার ঘটনা কিন্তু এই প্রথম ঘটল না।’
ঘটনাটি নিয়ে সবার যে যার মতো করে মজা নিচ্ছে। বিবিসি স্পোর্ট পর্যন্ত টুইট করেছে। টুইট করেছেন ডেভিড ওয়ার্নারের মতো সতীর্থরাও। এসব টুইটারে শেয়ার করে ক্লার্কও যেন মজা নিচ্ছেন। লিখেছেন, ‘কপালটাই খারাপ!’ টুইটার অবলম্বনে।