কী রহস্য গাজীর সাফল্যে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাফল্যের নৌকাটা আসলে বাইছেন কে? প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা এনামুল হক? নাকি পেসার আবু হায়দার? দুঃসময়ে হাল ধরতে এগিয়ে আসা মুমিনুল হক, জহুরুল ইসলাম, ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুলদের কেউই বা কি!
এমনও হতে পারে, জাতীয় দলে যোগ দেওয়ার আগে নাসির হোসেনের দিয়ে যাওয়া চাবিটাই এখনো চালিয়ে নিচ্ছে দলকে। অথবা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর হাতের জাদুর কাঠির পরশ তো ঘরোয়া ক্রিকেটে অনেকবারই দেখা গেছে!
গতবার যে দল সুপার লিগে উঠতে পারেনি, প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবার সেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের উত্থান রীতিমতো চোখে পড়ার মতো। ৯ ম্যাচের ৯টিতেই জয়। সবার আগে সুপার লিগ নিশ্চিত করে এখনই তাদের দৃষ্টি লিগ শিরোপায়।
কিন্তু কী রহস্য এই সাফল্যযাত্রার? দুই শব্দে উত্তর, ‘দলীয় বোঝাপড়া।’ মুমিনুল হকের কথাতেই বিষয়টি পরিষ্কার, ‘ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে কোচ, খেলোয়াড় এমনকি টিম বয়—সবাই চায় চ্যাম্পিয়ন হতে। প্রত্যেকে একটা জিনিস চায়, এটা খুব গুরুত্বপূর্ণ।’
৯ ম্যাচে ৪৯.৫৫ গড়ে ৪৪৬ রান করে লিগের সর্বোচ্চ স্কোরার এখন এনামুল। মুমিনুলের বাকি কথাগুলোই যেন শোনা গেল তাঁর কণ্ঠে, ‘প্রতিদিন কেউ না কেউ এগিয়ে আসছে, হাল ধরছে। অমি ভাই (জহুরুল ইসলাম) দুই-তিনটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুমিনুল এক ম্যাচে ১৫২ করল। আমিও চেষ্টা করছি সব ম্যাচেই কিছু না কিছু করতে। যে ম্যাচে আমরা পারছি না, সে ম্যাচে হয়তো এগিয়ে আসছে পারভেজ রসুল। এর আগে নাসির ভাই কয়েকটা ম্যাচে খুব ভালো খেলেছেন। বোলারদের মধ্যে রনি (আবু হায়দার) ও মেহেদী খুব ভালো করছে।’
খেলা হচ্ছে নিষ্প্রাণ উইকেটে। প্রচণ্ড গরম। এই কন্ডিশনে অন্য পেসারদের যেখানে ত্রাহি অবস্থা, সেখানে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে আবু হায়দার উজ্জ্বল ব্যতিক্রম। তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র একজন। সেরা পাঁচে একমাত্র পেসারও তিনিই। তরুণ এই বোলারের প্রশংসায় পঞ্চমুখ মুমিনুল, ‘অর্ধেক জয় আমরা পেয়েছি শুধু ওর কারণে। ব্যাটসম্যানদের খুব ভালো পড়তে পারে। আর এই গরমে অন্য পেসাররা ২-৩ ওভার বল করে ক্লান্ত হয়ে পড়লেও রনি টানা ছয় ওভারও বোলিং করেছে।’
গাজীর সাফল্য-রহস্যে তাই ছোট্ট আরেকটি রহস্য তৈরি করে রেখেছেন আবু হায়দার। সে রহস্য তিনি নিজেই ভেদ করলেন, ‘ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। সেটা কাজে লাগছে। এ রকম উইকেটে ভালো জায়গায় বল ফেলাটাই আসল। সঙ্গে ইয়র্কারসহ আরও কিছু বৈচিত্র্য আনার চেষ্টা করছি।’
কোচ সালাউদ্দিন সেরা পাঁচ বোলার-ব্যাটসম্যানদের মধ্যে থাকা দলের দুই প্রতিনিধির পারফরম্যান্সেই মুগ্ধ। এনামুলকে তিনি দেখছেন ‘সেরা ফর্মে’। আবু হায়দার সম্পর্কে মূল্যায়ন, ‘নিজের দায়িত্বটা বুঝতে পারছে।’ তবে ভূমিকা দেখছেন গাজীর সাফল্যে আড়ালে থাকা নায়কদেরও, ‘উইকেট বেশি না পেলেও অফ স্পিনার মেহেদী প্রতি ম্যাচেই ভালো বল করেছে। নতুন একজন বোলার আছে হোসেন আলী, সে-ও অনেক ভালো।’
দলে খুব বড় তারকা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ গায়ে লেগেছে, এমন খেলোয়াড় আছেন বেশ কয়েকজন। সালাউদ্দিন নিজেও একসময় ছিলেন জাতীয় দলের সহকারী কোচ। এসব অভিজ্ঞতার সম্মিলনও গাজীর একটা শক্তি। সব মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স আবির্ভূত এক বিস্ময় হিসেবে!