ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের ডাকনাম ‘কেক টিন’। গোলাকৃতি, রুপালি রঙের ধাতব বহিরাবরণ, সব মিলিয়ে দূর থেকে দেখলে কেক রাখার পাত্রের মতোই মনে হয়। এমনিতে ওয়েস্টপ্যাকে ড্রপ-ইন পিচ, এতে বাউন্স অসমান হতে পারে। এই অসমান বাউন্সের পিচেই আজ হতে যাচ্ছে একটি ‘অসম’ লড়াই। শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ পর্বের পারফরম্যান্স দেখলে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ‘অসম’ দলই বলা যায়। তিন জয় ও তিন পরাজয়, ওয়েস্ট ইন্ডিজকে আসতে হয়েছে চড়াই-উতরাই পেরিয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের সঙ্গে ‘জিততেই হবে’ পরিস্থিতিতেও পড়তে হয়েছিল। শুধু তা-ই নয়, ‘ভালোভাবে’ জিততে হয়েছে সে ম্যাচ, আয়ারল্যান্ডকে রানরেটের ব্যবধানেই টপকে আসতে হয়েছে ক্যারিবীয়দের। আর ফেবারিটের তকমা গায়ে নিউজিল্যান্ড গ্রুপের সব ম্যাচ জিতেই উঠেছে কোয়ার্টার ফাইনালে। যে দুটি ম্যাচে ‘চ্যালেঞ্জের’ মুখোমুখি হতে হয়েছিল তাদের, সেই অস্ট্রেলিয়া বা বাংলাদেশের সঙ্গে ম্যাচ বাঁচা-মরার লড়াই ছিল না।
তবে কোয়ার্টার ফাইনালে গ্রুপ পর্বের হিসাব-নিকাশে তেমন কিছু যায় আসবে না (যদি না বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচ, সে ক্ষেত্রে গ্রুপ পর্বে বেশি জয় নিয়ে সেমিফাইনালে যাবে নিউজিল্যান্ড)। দুই দলের দিকে তাকালে অবশ্য বৈপরীত্যই চোখে পড়বে। নিউজিল্যান্ডের এই দলকে অনেকেই তাদের ইতিহাসের সেরা বলছেন, আর ‘ভঙ্গুর’ ওয়েস্ট ইন্ডিজের দুর্দশা এবার যেন একটু বেশিই। আজকের ম্যাচেও দেখুন, দলের প্রধান ব্যাটিং-ভরসা ক্রিস গেইল খেলবেন কি না, নির্ধারিত হবে সকালে। চোট থেকে যে সেরে ওঠেননি বিশ্বকাপের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান। আর নিউজিল্যান্ড ফিরে পাচ্ছে পেসার অ্যাডাম মিলনেকে।
মিলনেকে পেয়ে আরও ধারালো হবে কিউইদের পেস আক্রমণ। টিম সাউদি, ট্রেন্ট বোল্টের সঙ্গে যুক্ত হবেন। সঙ্গে থাকবেন ড্যানিয়েল ভেট্টোরি ও কোরি অ্যান্ডারসন। মিলনে বাদে এই চারজনের মিলিত উইকেট ৫১টি। টুর্নামেন্টে ভেট্টোরির ইকোনমি সবচেয়ে কম (৩.২১), সবচেয়ে বেশি ১১টি মেডেন করেছেন বোল্ট। এই ওয়েলিংটনেই সাউদি ৩৩ রানে ৭ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে। গেইলকে না পেলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের চ্যালেঞ্জটাই তাই বাড়বে শুধু।
ব্রেন্ডন ম্যাককালামের ‘আক্রমণাত্মক’ মানসিকতারও একটা চ্যালেঞ্জ হবে আজ। যেকোনো মূল্যে উইকেট নিতে হবে—এই মানসিকতা থেকে মূল বোলারদের আগেই ব্যবহার করেন, উইকেট থাকলে প্রতিপক্ষ তাই সুবিধাটা নেয়। বাংলাদেশের সঙ্গে ম্যাচে যেমন গ্রান্ট এলিয়টকে দিয়ে বোলিং করিয়েছেন, শেষ ১০ ওভারে ১০৪ রান দিয়েছিল নিউজিল্যান্ড। ড্যারেন সামি বা আন্দ্রে রাসেল তাই হুমকির কারণ হতে পারেন। ওয়েস্ট ইন্ডিজও যে ‘ডেথ ওভারে’র বোলিং নিয়ে স্বস্তিতে আছে, তা-ও নয়।
কিউইদের হুমকি যে দলই হোক, নিজেদের আক্রমণাত্মক ক্রিকেটের ‘ব্র্যান্ড’টা বদলাতে চান না ম্যাককালাম। আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার চান সবাই ‘এক হয়ে’ খেলতে। তবে দুজনের কাছে এটি শুধুই ‘আরেকটি ম্যাচ’। যেখানে টসের মুদ্রানিক্ষেপের সঙ্গে শুরু হবে এক নতুন লড়াই, পেছনে পড়ে থাকবে সব পরিসংখ্যান, সব তকমা। সূত্র: এএফপি, ক্রিকইনফো, রয়টার্স।