কী হবে শ্রীনির?

এ বছরই আইসিসির চেয়ারম্যানের চেয়ারে বসেছেন এন শ্রীনিবাসন। কূটচাল দিয়ে ক্রিকেট-বিশ্বে কায়েম করেছিলেন ত্রিপক্ষীয় জমিদারি। কিন্তু আইপিএলের স্পট ফিক্সিং তদন্তে গঠিত স্বাধীন কমিশন মুডগাল কমিটির তদন্ত প্রতিবেদনে ফেঁসে গেছেন শ্রীনিবাসন। প্রতিবেদনে আছে দায়িত্বের বাইরে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির নাম! শ্রীনির সঙ্গে অভিযুক্ত তিনজনের একজন তাঁর জামাতা চেন্নাই সুপার কিংসের কর্ণধার গুরুনাথ মায়াপ্পন। বাকি দুজন হলেন আইপিএলের প্রধান নির্বাহী সুন্দর রমণ এবং রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রা।
সুপ্রিম কোর্টের তদন্ত প্রতিবেদন টলিয়ে দিয়েছে ভারতের ক্রিকেটকে। রায়ের পরবর্তী শুনানির তারিখ ২৪ নভেম্বর। তার আগে ২০ নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচনের কথা থাকলেও আদালতের এই রায়ে নির্বাচন নিয়ে তৈরি হিয়েছে ধূম্রজাল। রায়ে বলা হয়েছে, এই তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত শ্রীনিবাসন নির্বাচনে দাঁড়াতে পারবেন না। আদালত থেকে বেরিয়ে আসার পরই চারদিকে গুজব রটে যায়, নির্বাচন এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। সামগ্রিক পরিস্থিতিতে ১৮ নভেম্বর ওয়ার্কিং কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। মূলত দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক। এক. নির্বাচন পেছানো হবে কি না। দুই. বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হবে কি না। এই বৈঠকই হয়তো ঠিক করবে শ্রীনির ভবিষ্যৎ।
গত দেড় বছরে এই প্রথম ‘ব্যাকফুটে’ শ্রীনিবাসন পক্ষ। তবে বিস্ময়কর যে অভিযুক্ত চারজনের মধ্যে শ্রীনিবাসনের নাম আসার পরও বোর্ডের অনেক সদস্যই এখনো শ্রীনির পক্ষ নিচ্ছেন। যদিও বিরোধী শিবির যেভাবেই হোক ‘শ্রীনিবাসন ঠেকাও’ নীতিতে অটল। এই প্রেক্ষাপটে আগমন সহসভাপতি রাজীব শুক্লা এবং সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া ও শারদ পাওয়ারের। এই তিনজনের নামই শোনা যাচ্ছে শ্রীনির বিরোধী পক্ষের সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে।
ক্রিকেট থেকে ফিক্সিং কেলেঙ্কারির বিষবৃক্ষ উপড়ে ফেলার চেষ্টা চলছে অনেক দিন ধরেই। কিন্তু খোদ আইসিসি চেয়ারম্যানের নামই যখন ফিক্সিং-সংশ্লিষ্টতায় সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়, তখন একটি অশুভ বার্তাই পায় ক্রিকেট বিশ্ব। কী অপেক্ষা করছে শ্রীনির জন্য? ক্রিকইনফো।