কী হলো অস্ট্রেলিয়ার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বেলেরিভ ওভালের বড় পর্দায় লেখাটা আর মাঠে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিচ্ছে সবকিছু। কাল হোবার্ট টেস্ট হওয়ার ঠিক পরের মুহূর্ত l রয়টার্স
বেলেরিভ ওভালের বড় পর্দায় লেখাটা আর মাঠে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিচ্ছে সবকিছু। কাল হোবার্ট টেস্ট হওয়ার ঠিক পরের মুহূর্ত l রয়টার্স

৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে হোবার্ট টেস্টে ইনিংস ব্যবধানে হার! এই নিয়ে টানা ৫ টেস্টে হারল অস্ট্রেলিয়া, হেরেছে সর্বশেষ ৫টি ওয়ানডেতেও। একসময়ের পরাক্রান্ত অস্ট্রেলিয়া এখন যেন পথ হারানো পথিক
কাইল অ্যাবটকে তুলে মারতে গিয়েছিলেন নাথান লায়ন। মিড অনে ভারনন ফিল্যান্ডার ক্যাচটা নিয়ে অলস ভঙ্গিতে হাঁটা দিলেন উইকেটের দিকে। বাকি দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরা ততক্ষণে ছুটে এসে ঘিরে ধরেছেন অ্যাবটকে। ফিল্যান্ডারও এসে যোগ দিলেন সেই উদ্‌যাপনে।
দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য তখনো মাঠে দাঁড়িয়ে আছেন নাথান লায়ন আর জশ হ্যাজলউড। মনে হলো, মাঝসমুদ্রে দিশেহারা দুই নাবিক। কী করবেন ভেবে পাচ্ছেন না!
সকালে দিনের পঞ্চম ওভারে উসমান খাজার আউট দিয়ে শুরু হয়েছিল। শেষ হলো দিনের ২৫তম ওভারের প্রথম বলে লায়নের ওই আউট দিয়ে। প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়ার লজ্জা পুরোনো হওয়ার আগেই দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে শেষ অস্ট্রেলিয়া। হোবার্ট টেস্টে ইনিংস ও ৮০ রানের জয়ে তাই এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজও জিতে গেল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম দক্ষিণ আফ্রিকার ইনিংস ব্যবধানে জয়।
অস্ট্রেলিয়া দিন শুরু করেছিল ২ উইকেটে ১২১ রান নিয়ে, সেখান থেকে ১৬১ রানেই সব শেষ! ৩২ রানে পড়েছে শেষ ৮ উইকেট, শেষ সাত ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ১৯ রান! টেস্টটা যে চতুর্থ দিন সকাল পর্যন্ত গড়িয়েছে, সেটাও তো স্রেফ আবহাওয়ার কারণে। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে তো বল হয়নি একটিও।

সিরিজ শুরুর আগের দিনগুলোতে ফিরে গেলে অবিশ্বাস্যই লাগবে এই অবস্থাটা। খেলা শুরুর আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামা অস্ট্রেলিয়ানদের পুরোনো অভ্যাস। এবার এটির নেতৃত্বে ছিলেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। হুমকি দিয়েছিলেন গতির ঝড়ে আর আগুনে গোলায় উড়িয়ে দেবেন প্রোটিয়াদের। এখন স্টার্ককে সে কথা মনে করিয়ে দিলে নির্ঘাত লজ্জা পাবেন। দক্ষিণ আফ্রিকা এই সিরিজে খেলছে দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ছাড়া। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ত্রয়োদশ ওভার বোলিং করার সময় চোটে পড়ে ছিটকে গেছেন সেরা বোলার ডেল স্টেইন। পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি বলে সফরেই আসেননি মরনে মরকেল। অথচ এ সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাত্র তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয় টেস্ট সিরিজ জেতার কীর্তি গড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা!

স্টেইন ছিটকে না পড়লে যাঁর হয়তো খেলাই হতো না, সেই অ্যাবটই হোবার্টের দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট, এর মধ্যে দ্বিতীয় ইনিংসেই ৬টি। অবধারিতভাবে তিনিই ম্যাচসেরা। বাকি ৪টি উইকেট কাগিসো রাবাদার। বাকি বোলারদের কিছু করার সুযোগই দেননি এই দুজন! ক্রিকইনফো।