কী হয়েছিল এবাদত ও উইলিয়ামসের মধ্যে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচে লেগে গিয়েছিল এবাদত ও উইলিয়ামসের মধ্যে। ছবি: প্রথম আলো
ম্যাচে লেগে গিয়েছিল এবাদত ও উইলিয়ামসের মধ্যে। ছবি: প্রথম আলো
>

বিপিএলে কাল দিনের দ্বিতীয় ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক মুহূর্তের জন্ম দিয়েছিলেন সিলেটের পেসার এবাদত এবং চট্টগ্রামের কেসরিক উইলিয়ামস। সিলেটের ব্যাটসম্যান মোসাদ্দেকের মতে, ওটা স্রেফ কথা-কাটাকাটি ছিল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে তখন ১৭তম ওভার। ওই ওভার শুরুর আগে ২৪ বলে ২৪ রান দরকার ছিল চট্টগ্রামের। বল করছিলেন সিলেট থান্ডারের পেসার এবাদত হোসেন। তৃতীয় ডেলিভারির পর সমীকরণ নেমে আসে ২১ বলে ২২ রানে। এবাদতের পরের দুটি বল থেকে চার-ছক্কায় ১০ রান তুলে নেন চট্টগ্রামের অধিনায়ক নুরুল হাসান। ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অন্য প্রান্তের ব্যাটসম্যান কেসরিক উইলিয়ামসের দিকে তেড়েফুঁড়ে ছুটে গেলেন এবাদত।

টিভি রিপ্লেতে দেখা গেছে, কিছু একটা নিয়ে বেঁধেছিল দুই ক্রিকেটারের মধ্যে। আম্পায়ার, নুরুল হোসেন ছাড়াও সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন এবং মাঠের আরও দু-একজন ক্রিকেটারের মধ্যস্থতায় শান্ত হয় পরিস্থিতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এবাদত ও উইলিয়ামসের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির কারণ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না মোসাদ্দেক,‌ ‘আসলে ওখানে কী হয়েছে আমি দেখিনি। হয়তো কথা-কাটাকাটি হচ্ছিল। আমি থামানোর জন্য দৌড়ে গেছি। এটা আসলে বড় কিছু না। কথা-কাটাকাটি এই আরকি।’
এ বিষয়ে জানতে ম্যাচ রেফারি আখ তার আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বিপিএলে এ পর্যন্ত চার ম্যাচ খেলে সব কটিতেই হারল সিলেট। কাল চট্টগ্রামেও জয়ের দেখা পায়নি মোসাদ্দেকের দল। ব্যাটিংবান্ধব উইকেটে বোলারদের প্রশংসা করলেও ব্যাটসম্যানদের খেলায় সন্তুষ্ট হতে পারেননি মোসাদ্দেক। চট্টগ্রামকে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিতে পেরেছিল সিলেট। মোসাদ্দেক বলেন, ‘এ ধরনের উইকেটে ১৩০ রান করে জিতবেন তা চিন্তা করাও ভুল। বোলাররা ভালো চেষ্টা করছে। তবে যদি ভুল চিন্তা করেন তাহলে আমরা প্রতিদিন একই ভুলই করছি। আমাদের ব্যাটসম্যানরা প্রতিদিন একই কাজ করছে। প্রথম ৬ ওভারে হয়তো কিছু রান হচ্ছে কিন্তু আমরা একই সঙ্গে উইকেটও হারাচ্ছি। টি-টোয়েন্টিতে এত দ্রুত উইকেট হারালে বড় স্কোর গড়া কঠিন হয়ে যায়। এ ধরনের উইকেটে ১৩০ রান করে জেতার চিন্তাও করতে পারবেন না।’