
ম্যাচ শেষে জোয়েল গার্নারের প্রতিক্রিয়া জানা যায়নি। হতাশার কথা ছাড়া আর কীই-বা শোনাতে পারতেন ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার! সত্তর ও আশির দশকের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন। ছিলেন সেই সময়ের উইন্ডিজ দলের বিধ্বংসী পেস আক্রমণের অন্যতম অস্ত্র। ক্যারিয়ারের সর্বশেষ ইংল্যান্ড সফরে এজবাস্টনে প্রথম টেস্টে জিতেছিলেন ইনিংস ব্যবধানে। সেই এজবাস্টনেই চোখের সামনে উত্তরসূরিদের তিন দিনে ইনিংস ও ২০৯ রানে হারতে দেখলেন। এরপর গার্নারের মন ভালো থাকে কী করে!
ইংল্যান্ড সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের এই দলটি অনভিজ্ঞ। দিবারাত্রির টেস্ট দিয়ে সিরিজ শুরুর আগে অনেকেই বলেছিলেন ‘স্কুল ক্রিকেটারে’ ভরা এই দল ইংল্যান্ডের কাছে একদমই পাত্তা পাবে না। দলের ম্যানেজার হলে আশার কথাই বলতে হয়, নৈরাশ্যবাদী হলে চলে না। সে জন্যই হয়তো উত্তরসূরিদের উৎসাহ জোগাতে গার্নার দাঁড়িয়েছিলেন আশার বিপরীতে, ‘লোকেরা একটু আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে। আমি কিন্তু দলটির সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না।’
এজবাস্টনে ইংল্যান্ডের কাছে উড়ে যাওয়ার পর কিছু বললে গার্নার হয়তো বলতেন ‘পরের দুই টেস্টে দল ঘুরে দাঁড়াবে’। কিংবদন্তি পূর্বসূরির কথাটাই যেন বলে দিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার, ‘আমাদের গুছিয়ে নিতে হবে...মাত্র একটি টেস্ট হয়েছে। এখনই মাথা নিচু করব না আমরা। সিরিজ এখনো শেষ হয়ে যায়নি...বিশ্বাস রাখতে হবে। কারণ সব দলকেই হারানো সম্ভব।’ তবে প্রথম টেস্টের পর সতীর্থদের আত্মোপলব্ধিও চাইছেন হোল্ডার, ‘প্রত্যেক খেলোয়াড়কে আয়নায় নিজেদের পারফরম্যান্সটা দেখতে হবে। সেটা দেখে ভাবতে হবে কীভাবে উন্নতি করা যায়।’
দুই দিন বাকি থাকতে হেরে যাওয়া ম্যাচটির দিকে তাকালে কী দেখবে ওয়েস্ট ইন্ডিজ? প্রথম ইনিংসে একমাত্র জারমেইন ব্ল্যাকউডের অপরাজিত ৭৯ রান ছাড়া ব্যাটিংয়ে বলার মতো কিছু নেই। পরশু তৃতীয় দিনে ৭৬.৪ ওভারে ২৬০ রান তুলতে পড়েছে ১৯ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯২.৪ ওভার ক্রিজে থাকতে পেরেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৪৭ ওভারে অলআউট ১৪৮ রানে। দ্বিতীয় ইনিংস টিকেছে ৪৫.৪ ওভার, রান ১৩৭। এই ইনিংসে ক্রেগ ব্রাফেটের ৪০ রান ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত।
এরই মধ্যে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড গড়েছেন একটি কীর্তি। ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামকে (৩৮৩ উইকেট) ছাড়িয়ে তিনিই এখন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ বোলার। এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ব্রডের উইকেট হলো ৩৮৪। ৪৯২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসনও ৫ উইকেট নিয়েছেন ম্যাচে।
ইংল্যান্ডের বোলাররা আছেন দারুণ ছন্দে। অন্যদিকে ক্যারিবীয়দের হতশ্রী ব্যাটিং। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ভয় এই সিরিজটি না টেস্ট ক্রিকেটের জন্য বাজে এক বিজ্ঞাপন হয়ে যায়, ‘আমার ভয় হচ্ছে যে এটি টেস্ট ক্রিকেটের সবচেয়ে দুঃখের সিরিজগুলোর একটি না হয়ে যায়!’ এএফপি, ক্রিকইনফো, বিবিসি।
টেস্টে গত ১০ বছরে ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচ জয় হার ড্র
সব মিলিয়ে ৮৮ ১৭ ৪৬ ২৫
প্রতিপক্ষের মাঠে ৪১ ৪ ২৪ ১৩
হায় ওয়েস্ট ইন্ডিজ!
১৯
পরশু এক দিনে ১৯ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৯, দ্বিতীয় ইনিংসে ১০। ওয়েস্ট ইন্ডিজ এর আগে এক দিনে সর্বোচ্চ ১৮ উইকেট হারিয়েছিল ১৯৩৩ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে।
৭
গত চার বছরে সবচেয়ে বেশি সাতবার ফলোঅন করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
২০১২
ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষের মাঠে সর্বশেষ টেস্ট জিতেছে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে খুলনায়। এরপর প্রতিপক্ষের মাঠে ১৪ ম্যাচ খেলে ১১টিতেই হেরেছে ক্যারিবীয়রা, ড্র হয়েছে অন্য তিন ম্যাচ।
০-৭
২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর দেশে-বিদেশে-নিরপেক্ষ ভেন্যু মিলিয়ে আর কোনো সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ে আটটি সিরিজ খেলে সাতটিতেই হেরেছে দলটি।