কীভাবে এই বদলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

একটা ম্যাচ এখনো বাকি। অথচ কেমন যেন ঝিমিয়ে পড়েছে সিরিজটা। কাল কোনো দলই প্র্যাকটিস করতে গেল না। টিম হোটেলের লবিও কেমন ফাঁকা ফাঁকা। সবাই যেন আছে ছুটির আমেজে।
আসলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতা। চার ম্যাচের সব কটিই জিতেছে বাংলাদেশ। আগামীকাল শেষ ম্যাচে ব্যতিক্রমী কিছু ঘটবে, এমন আশা খোদ জিম্বাবুয়ে দলও হয়তো করছে না। আর বাংলাদেশের চোখ তো ৫-০-তেই।
কাল ছুটির দিনে দুই দলই ছিল নির্ভার। জিম্বাবুইয়ান ক্রিকেটাররা সকাল থেকে ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। কেউ গেলেন নিউমার্কেটে, কেউ টিম হোটেলের আশপাশের বিপণিবিতানে, কেউ বা গুলশানের দিকে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে ঢাকায় যাঁদের বাসা-বাড়ি, তাঁরা দিনটি কাটালেন পরিবারের সঙ্গে। অন্যরা বেশির ভাগ সময় হোটেলেই ছিলেন। বাংলাদেশ দলের ছুটিতে থাকার কথা ছিল আজও। কিন্তু শেষ পর্যন্ত ছুটি বাতিল। আজ বিকেলে দলটা হালকা অনুশীলন করবে মিরপুরে। সকালে অনুশীলন করার কথা জিম্বাবুয়েরও।
চলতি জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত ২০১৪ সালটাকে মনে হচ্ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য অভিশাপের বছর। সেই ফেব্রুয়ারির শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে আগস্ট-সেপ্টেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলে জয়ের দেখা নেই। হাহাকারে ভরা একটা বছরের শেষ প্রান্তে এসে সেই দলটিই জয়ের ভেলায় ভাসছে। টেস্ট সিরিজ ৩-০ করার পর এখন ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের অপেক্ষা। কিন্তু কীভাবে এতটা বদলে গেল বাংলাদেশ দল! কীভাবে তারা বেরিয়ে এল ব্যর্থতার বৃত্ত থেকে?

তামিম ইকবাল
তামিম ইকবাল


তামিম ইকবাল এর পেছনে মহাকাশবিজ্ঞানের কার্যকারণ দেখেন না। এমনকি দলের ভেতর বড় পরিবর্তনও দেখেন না, ‘আসলে বিরাট কোনো পরিবর্তন হয়েছে বলা ঠিক হবে না। আত্মবিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল খারাপ খেলতে থাকলে ভেতর থেকে আত্মবিশ্বাস আসে না। আবার জয়ের মধ্যে থাকলে দলের পরিবেশ, মানসিকতা সবকিছুর ওপরই তার প্রভাব পড়ে। ভালো জিনিসগুলো তখন কাজ করতে শুরু করে। সামর্থ্য অনুযায়ী পারফর্ম করা যায়।’ জিম্বাবুয়ে সিরিজে সেটাই হয়েছে বলে ধারণা এই বাঁহাতি ওপেনারের। তবে পুরো ব্যাপারটাকে তিনি মেলাচ্ছেন সহজ এক সমীকরণে, ‘এই সিরিজের আগ পর্যন্ত আমরা সবাই একসঙ্গে খারাপ খেলছিলাম। এখন আবার সবাই একসঙ্গে ভালো খেলছি, এটাই বড় কথা। এ ছাড়া মাঝে অনেকে নিজেদের ছোটখাটো সমস্যা নিয়ে কাজ করেছে। সেগুলোও সাহায্য করে থাকতে পারে আমাদের।’
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও একই মত—ছোটখাটো ভুল সংশোধনেরই ফল পাচ্ছে বাংলাদেশ দল, ‘অনেকেই তাদের খেলার ধরনে পরিবর্তন এনেছে। ভুল শুধরেছে। আমার মনে হয় সেটারই সুফল পাচ্ছি আমরা। এ ছাড়া অনেকে এখন দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে কীভাবে দায়িত্ব নিতে হয়। ভালো ফলাফলের এটাও একটা কারণ।’ তবে মাশরাফি মনে করিয়ে দিলেন, ভালো সময়ের চেয়ে খারাপ সময়েই এসব জিনিস বেশি করে কাজ করা উচিত, ‘জিতলে সবকিছুই ভালো হয়, আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু হারের সময় আমাদের মানসিকতা কেমন থাকে, সেটাই আসল। খারাপ সময়ে নিজেদের কীভাবে ধরে রাখতে হয় সেটা শিখতে হবে।’

মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ

চতুর্থ ওয়ানডের ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ সাফল্যের সবচেয়ে বড় কারণ মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয়টাকে, ‘আমার মনে হয় প্রথম টেস্ট জয়টাই টার্নিং পয়েন্ট। এর আগে এ বছর আমরা একটার পর একটা ম্যাচে ব্যর্থ হয়েছি। প্রথম টেস্টের জয় তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের পরবর্তী পারফরম্যান্সে। ওই টেস্টের পর থেকে প্রতিটা ম্যাচেই আমরা আধিপত্য বিস্তার করে খেলেছি।’ এ ছাড়া প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে, এটিকেও তেতে ওঠার একটা কারণ বলছেন মাহমুদউল্লাহ, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সব সময়ই আমরা নিজেদের মর্যাদা ধরে রাখার জন্য খেলি। দলের সবাই সবার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে যেন ম্যাচগুলো আমরা জিতি। সবাই চেষ্টা করেছে পারফর্ম করতে এবং সে অনুযায়ী যার যখন পারফর্ম করা উচিত তখন সে তা করেছে।’
আজ শেষ ম্যাচে তো বটেই, এই ধারাবাহিকতা আগামী বছরের বিশ্বকাপ পর্যন্তও নিয়ে যেতে চায় বাংলাদেশ দল। তামিম যেমন বলছিলেন, ‘খুব ভালো সময়ে সবাই ফর্মে ফিরেছে। সামনে বিশ্বকাপ। এটা খুব দরকার ছিল।’