কুক আসছেন, দোটানায় মরগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

অনিশ্চয়তাটা তাঁকে নিয়েই বেশি ছিল। পরিবার নাকি দল, কোনটা বেছে নেবেন অ্যালিস্টার কুক? ইংল্যান্ড টেস্ট অধিনায়ক সবার আগে সেই অনিশ্চয়তাটা দূর করে দিলেন। অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য অন্তত পরিবারের চেয়ে দলকেই বেশি গুরুত্ব দিলেন। আর সে কারণেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) নিশ্চিত করে দিয়েছেন, বাংলাদেশ সফরে তিনি থাকছেন।

কুক নিশ্চিত করলেও বাংলাদেশ সফরের ব্যাপারে নাকি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফজানিয়েছে, ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বেশ কয়েকবার বৈঠক করেছেন মরগানের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা করা হবে। আগামী সোমবার ট্রেন্টব্রিজে বৈঠকে বসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের দল নির্বাচন করবেন ইংলিশ নির্বাচকেরা। সেখানেই মরগানের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হতে পারে।

কুককে নিয়ে অনিশ্চয়তাটা বেশি ছিল তাঁর ব্যক্তিগত কারণে। সেপ্টেম্বরের শেষ দিকে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন কুক। ধারণা করা হচ্ছিল, এ সময়ে স্ত্রী অ্যালিসের পাশে থাকার জন্য হয়তো বাংলাদেশ সফরে না-ও আসতে পারেন। কিন্তু যে সফরের আগে নিরাপত্তাব্যবস্থা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সেখানে নিজে না গিয়ে বাকিদের কীভাবে পাঠান! সামনে থেকে নেতৃত্ব দিতে তাই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তা ছাড়া বাংলাদেশের নিরাপত্তা-পরিস্থিতি পর্যবেক্ষণ করে গিয়ে ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসনের দেওয়া প্রতিবেদনেও বেশ সন্তুষ্ট কুক। টেলিগ্রাফের দাবি, কুক ইসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

এদিকে টেলিগ্রাফের ওই প্রতিবেদনেই বলা হয়েছে, নির্বাচকেরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জো রুট, বেন স্টোকস ও মঈন আলীকে বিশ্রামে রাখার পক্ষে। এ ছাড়া তিন সংস্করণেই ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা বেশ কয়েকজন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম পেতে পারেন। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজের আগে তাঁরা বাংলাদেশে আসবেন।

শেষ পর্যন্ত বাংলাদেশ সফর থেকে মরগান নিজেকে প্রত্যাহার করে নিলে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হতে পারে জো রুটকে। বিকল্প হিসেবে আছেন জশ বাটলারও। দ্য টেলিগ্রাফ।