কুক ছোঁবেন টেন্ডুলকারকে!
কোনো ব্যাটসম্যান টেস্টে ৩০তম সেঞ্চুরি পেলেই এই লাইনটা লেখা প্রায় বাধ্যতামূলক—‘অমুক’ পেরিয়ে গেলেন ব্র্যাডম্যানকে। সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানকে আসলে কেউই পেরিয়ে যেতে পারবেন না। কিন্তু সেঞ্চুরিসংখ্যাটা ৩০ হলে ২৯ সেঞ্চুরির ব্র্যাডম্যানকে তো একরকম টপকেই যান ওই ব্যাটসম্যান। কাল যেমন অ্যালিস্টার কুকও ‘পেরিয়ে’ গেলেন ব্র্যাডম্যানকে।
ব্র্যাডম্যানকে তো ছাড়িয়েছেন। তবে ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং আর জ্যাক ক্যালিসের মতো আরও অনেকেই রয়ে গেছেন সামনে। আর টেস্টে ৫১ সেঞ্চুরি নিয়ে সবার সামনে শচীন টেন্ডুলকার। তবে যেভাবে এগোচ্ছেন, তাতে একদিন কুক টেন্ডুলকারকেও ধরে ফেলবেন বলে বিশ্বাস করেন ইংল্যান্ড কিংবদন্তি ইয়ান বোথাম।
রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে কুকের ব্যাটিং দেখে মুগ্ধ বোথাম। তবে মুগ্ধ তিনি শুধু এই একটা ইনিংসের কারণেই নয়। কুকের টেস্ট অভিষেকটা দেখার স্মৃতিচারণা করে বলেছেন, ‘ও যেবার প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে অভিষেক ম্যাচটা খেলতে এসেছিল এবং প্রায় ৩০ ঘণ্টা সফর করে ম্যাচের আগের রাতে পৌঁছে পরদিনই সেঞ্চুরি করেছিল আমি ওই ইনিংসটাও দেখেছি।’
২০০৬ সালে টেস্ট অভিষিক্ত সেই কুক আর ৩১ বছর বয়সী কুক—বোথাম দুটি সময়েরই সাক্ষী। এই দেখার অভিজ্ঞতাই কুকের ব্যাপারে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বোথামকে, ‘সে রেকর্ড গড়েই যাচ্ছে। ইতিমধ্যে টেস্টে ওর ৩০ সেঞ্চুরি হয়ে গেছে। আমি মনে করি, এখনো খেলে যাচ্ছে এমন খেলোয়াড়দের মধ্যে কুকই পারবে টেন্ডুলকারের কাছে যেতে।’
কথাটা নিছকই আবেগের বশে বলেননি সাবেক ইংলিশ অলরাউন্ডার, ‘এখনো কুকের বয়স ৩২ হয়নি। ব্যাটসম্যানরা ফাস্ট বোলার বা অলরাউন্ডারদের চেয়ে একটু দীর্ঘ সময় খেলতেই পারে। আমার মনে হয় সে ৩৬ বা ৩৭ বছর পর্যন্ত ব্যাট করতে পারবে।’
শুধু কুকের নয়, রাজকোটে পুরো ইংল্যান্ড দলের পারফরম্যান্সেই মুগ্ধ বোথাম। সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন যেমন ম্যাচ শেষেই বলেছেন, এ ড্র আসলে ইংল্যান্ডের জন্য জয়েরই সমান। তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন বোথামও, ‘সিরিজ শুরুর আগেই তো সবাই ইংল্যান্ডকে বাতিল করে দিয়েছিল। সেই অবস্থা থেকে তারা এমন ম্যাচে আধিপত্য করে খেলেছে। এ রকম কন্ডিশনে এসে এতগুলো রান করেছে প্রথম ইনিংসে। বোলাররাও দুর্দান্ত বল করেছে। আমি তো মনে করি, ম্যাচের ৯০ শতাংশ সময়েই ইংল্যান্ড ভারতের ওপর আধিপত্য করেছে।’
এসব কারণেই সিরিজের পরের টেস্টে কুকের দলকে নিয়ে আরও বেশি আশাবাদী বোথাম, ‘এই টেস্টে আমাদের স্পিনাররা যেভাবে বোলিং করেছে, সেটা যদি পরের টেস্টেও করতে পারে, তাহলে আমরা আবার ভারতের ওপর আধিপত্য করতে পারব। আমি তো মনে করি, এই টেস্টে ওদের স্পিনারের চেয়ে আমাদের স্পিনাররাই ভালো বল করেছে।’ সূত্র: স্কাই স্পোর্টস।
কুকের যত কীর্তি
৫
ভারতে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরি।
৯
এশিয়াতে বাইরের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
১২
ইংলিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি।
টেস্টের ৩য় ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরি (সঙ্গী কুমার সাঙ্গাকারা)।
১৩
টেস্টে ৩০ বা তার বেশি সেঞ্চুরি করা ১৩তম ব্যাটসম্যান অ্যালিস্টার কুক।