সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরটা অবশেষে নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আগের নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে আসবে ইংল্যান্ড। তবে খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়া হয়েছে, যে-কেউ চাইলে এ সফর থেকে সরেও যেতে পারেন। এখন পর্যন্ত অবশ্য কেউ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কথা বলেননি। কিন্তু নিয়মিত খেলোয়াড়দের সবাই আসবেন কি না, এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের আছে সংশয়।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনের শিরোনাম, ‘ইংল্যান্ডের বাংলাদেশ সফর হচ্ছে, কিন্তু তাদের কতজন খেলোয়াড় যেতে প্রস্তুত থাকবে?’ প্রতিবেদনেই দাবি করা হয়েছে, সিনিয়র খেলোয়াড়, বিশেষ করে যাঁরা বিবাহিত ও যাঁদের সন্তান রয়েছে, তাঁরা নিরাপত্তাজনিত কোনো রকম ঝুঁকি থাকলে সফরে যেতে অনিচ্ছুক থাকেন। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পরে ২০০১ সালে ভারত সফর থেকে যেমন অনেক ইংল্যান্ড খেলোয়াড় নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। দৈনিকটি তাই প্রশ্ন তুলেছে, এবারও কি সে রকম কিছু হবে?
এদিকে ডেইলি মেইল-এরএক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরে ইংল্যান্ড সবুজ সংকেত দিলেও টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ব্যক্তিগত কারণে এই সফরে নাও আসতে পারেন। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলা কুক এ সময় স্ত্রীর পাশে থাকবেন নাকি স্পর্শকাতর এই সফরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত গড়বেন, এ নিয়ে দোটানায় থাকবেন। ২০০৬ সালে তখনকার অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ দলের প্রয়োজনে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে ছেলে কোরির জন্মের সময়ে পাশে থাকতে পারেননি। কুককেও তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিতে হবে।
এমন দোটানা স্টুয়ার্ট ব্রডেরও থাকতে পারে বলে ধারণা ডেইলি মেইল-এর। বাংলাদেশ সফরেই চট্টগ্রামে ক্যারিয়ারের শততম টেস্টটা খেলার কথা ব্রডের। তাঁর পরিবার নাকি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তারা এ রকম সময়ে বাংলাদেশে আসবে না। পরিবারকে ছাড়া এ রকম একটা মুহূর্ত উদ্যাপন করতে ব্রড রাজি থাকবেন কি না, সেই প্রশ্নও তাই উঠছে।
ওয়ানডে অধিনায়ক এউইন মরগান অবশ্য বলে দিয়েছেন, কোনো খেলোয়াড়কেই বাংলাদেশ সফরে আসার জন্য জোরাজুরি করা হবে না। তবে যাঁরা আসতে রাজি হবেন না, তাঁদের কারও কারও জন্য ভবিষ্যতে দলে জায়গা ধরে রাখাটা কঠিন হতে পারে বলে মনে করেন সাবেক ইংলিশ পেসার অ্যান্ড্রু ক্যাডিক। ২০০১ সালের ভারত সফর থেকে ক্যাডিক নিজেও সরে দাঁড়িয়েছিলেন। সঙ্গী হয়েছিলেন রবার্ট ক্রফট। ক্যাডিক পরে ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ড দলে খেললেও ক্রফট দলে আর জায়গা পাননি। ওই উদাহরণ টেনেই ক্যাডিক বলেছেন, ‘খেলোয়াড়দের স্পষ্ট করে বলে দেওয়া উচিত, তারা যদি যেতে না চায়, তাতে কোনো সমস্যা নেই। এতে দলে তাদের জায়গা থাকার ক্ষেত্রে প্রভাব পড়বে না। অনেক খেলোয়াড়ই আছে, যারা জায়গা ধরে রাখার জন্য লড়ছে, তারা এই সফরে যাওয়ার জন্য একটা বাড়তি চাপ অনুভব করবে।’
এ ব্যাপারে ইসিবির এখনই নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত বলে মনে করেন ক্যাডিক, কেউ যাবেন কি যাবেন না, এটা হওয়া উচিত একান্তই তাঁর নিজের সিদ্ধান্ত। এখন এটা নির্ভর করছে ইসিবি বিষয়টা কীভাবে সামলায়। সূত্র: টেলিগ্রাফ, ডেইলি মেইল।
ইংল্যান্ড ক্রিকেট দলের সফরসূচি
৪ অক্টোবর এক দিনের প্রস্তুতি ম্যাচ ফতুল্লা
৭ অক্টোবর ১ম ওয়ানডে (দিবারাত্রি) মিরপুর
৯ অক্টোবর ২য় ওয়ানডে (দিবারাত্রি) মিরপুর
১২ অক্টোবর ৩য় ওয়ানডে (দিবারাত্রি) চট্টগ্রাম
১৪-১৫ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রাম
১৬-১৭ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রাম
২০-২৪ অক্টোবর ১ম টেস্ট চট্টগ্রাম
২৮ অক্টোবর-১ নভেম্বর ২য় টেস্ট মিরপুর
‘‘
১৬ কোটি মানুষ এটা নিয়ে যেহেতু চিন্তিত ছিল, নিশ্চয়ই তারা দোয়া করেছে। ১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না
নাজমুল হাসান
সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
আমার ধারণা, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে, ইনশা আল্লাহ। ধন্যবাদ জানাই ইসিবিকে।
মুশফিকুর রহিম
বাংলাদেশের টেস্ট অধিনায়ক
দারুণ একটা খবর শুনে ঘুম ভাঙল! ইংল্যান্ড সিরিজ হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য আনন্দের সময়
চন্ডিকা হাথুরুসিংহে
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ