কুককেই চূড়ায় দেখেন গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডারহাম টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অ্যালিস্টার কুক। শচীন টেন্ডুলকারকে ডিঙিয়ে ১০ হাজারি ক্লাবের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান এখন তিনি। তবে সুনীল গাভাস্কারের ধারণা, এখানেই থামবেন না ইংলিশ ব্যাটসম্যান, একদিন টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের চূড়ায় উঠে যাবেন।
২০০৬ সালে অভিষেকের পর ১০ বছরেই ১২৮ টেস্ট খেলে ফেলেছেন কুক। আর ২০০৭ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের সাকিব আল হাসান খেলেছেন ৪২টি! এতেই বোঝা যাচ্ছে দীর্ঘ পরিসরের ক্রিকেটকে কতটা প্রাধান্য দেয় ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের খেলোয়াড়দের পক্ষে রেকর্ড গড়া কিছুটা সহজও। তবে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা যে সহজ কোনো কাজ নয় সেটিও মানেন গাভাস্কার, ‘একজন ওপেনারের জন্য কাজটি অনেক কঠিন। কারণ, ইনিংসের শুরুতে বল বেশি সুইং করে। উইকেট বেশি প্রাণবন্ত থাকে। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন পিচে খেলতে হয় আপনাকে। ভালো প্রতিপক্ষের বিপক্ষে ইংল্যান্ডে খেলাও বেশ কঠিন। এ মাইলফলকে পৌঁছানোয় কুকের প্রশংসা করতেই হবে।’
টেস্টে কুকের রান এখন ১০০৪২ রান। ১৫৯২১ রান নিয়ে কুকের চেয়ে এখনো অনেক এগিয়ে টেন্ডুলকার। কিন্তু গাভাস্কারের ধারণা, ইংলিশ ওপেনারের পক্ষেই সম্ভব এ রেকর্ড ভাঙা, ‘কুক টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড ভাঙতে পারে। বয়স ওর পক্ষে, আর ইংল্যান্ডও টেস্ট বেশি খেলে। ইংল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা ওরা প্রতিবছর ১১-১২টি টেস্ট খেলে। এই টেস্টগুলোয় ৫০ রান করে করলেও খুব সহজে বছরে ৫০০ রান করা সম্ভব। আগামী ৬-৭ বছরে এমন মুহূর্ত আসবে যেখানে বছরে ১০০০ রানও করবে। সুতরাং সে সুযোগ পাচ্ছেই। ওর বয়স এখনো ৩২ হয়নি, এখনো ফিট সে। আর ৬ থেকে ৮ বছর খেললেই চলবে।’
পরিসংখ্যানও কথা বলছে গাভাস্কারের পক্ষে। এ বছর এরই মধ্যে ৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এ বছরেই আরও ১২টি টেস্ট খেলবে। ২০১৮ ও ২০১৯ সালেও ১২টি করে টেস্ট খেলার কথা দলটির। এ ধারা চলতে থাকলে টেন্ডুলকারের রেকর্ড হাতবদল হয়ে কুকের কাছে আসতেই পারে। এএফপি।