কুকদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা নাকাল হয়েছিলেন ইয়াসির শাহর লেগ স্পিনে। ম্যাচ হারার পর পাকিস্তানিদের ব্যতিক্রমী উদ্‌যাপনও জ্বালা ধরিয়েছিল অ্যালিস্টার কুকদের অন্তরে। আজ শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে এই দুই যন্ত্রণার একটি থেকে হয়তো মুক্তি মিলছে ইংল্যান্ডের। পাকিস্তানের ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন জানিয়ে দিয়েছেন, দলবদ্ধ বুক ডন আর স্যালুটে অভিনব উদ্‌যাপনের সম্ভাবনা নেই বললেই চলে।

কিন্তু ইয়াসিরের ঘূর্ণিজাদু থেকে কি রেহাই পাবে ইংল্যান্ড? দ্বিতীয় টেস্টের ভেন্যু ওল্ড ট্রাফোর্ডকে ধরা হয় ইংল্যান্ডের সবচেয়ে স্পিনবান্ধব উইকেট। ইয়াসিরকে এই উইকেটে ইংলিশ ব্যাটসম্যানরা সামলাতে পারবেন তো? ইংলিশরা অবশ্য প্রস্তুতিতে ফাঁক রাখেনি। পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাককে কোচিং পরামর্শক হিসেবে আনা হয়েছে। ইয়াসিরে প্রভাবিত ইংল্যান্ড ফিরিয়েছে লেগ স্পিনার আদিল রশিদকে।

তবে তিন টেস্টের অভিজ্ঞ রশিদ একাদশে নেওয়ার সিদ্ধান্তটা ইংল্যান্ড নেবে আজ সকালে উইকেট দেখেই। তবে গতকালই দুই পেসার স্টিভেন ফিন ও জ্যাক বলকে বাদ দিয়ে স্কোয়াড ১৪ থেকে ১২-তে নামিয়ে এনেছে ইংলিশরা। চোট কাটিয়ে ফেরা বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসনের একাদশে ঢোকাটা নিশ্চিত করেছেন অ্যালিস্টার কুক। রশিদ একাদশে ঢুকলে বাদ পড়তে পারেন ব্যাটসম্যান জেমস ভিন্স। প্রথম টেস্টে তেমন একটা ভালো বল না করলেও টিকে গেছেন মঈন আলী।

‘ক্যাপ্টেন’ কুকের বিশ্বাস ঘুরে দাঁড়াবে তাঁর দল, ‘খুব ভালো ক্রিকেটার আছে দলে। ওরা ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে।’

পাকিস্তান দলে কোনো পরিবর্তন আসবে কি না সেই ইঙ্গিত এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্ভবত মিসবাহ লর্ডসের দলটার ওপরই ভরসা রাখছেন। ম্যাচের আগে পাকিস্তানকে যা একটু ভড়কে দিয়েছিলেন ইয়াসির। নেটে বাঁ কাঁধে বলের আঘাত পেয়েছিলেন ১৩ টেস্টেই ৮৬ উইকেট নেওয়া লেগ স্পিনার। তবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে আঘাতটা গুরুতর কিছু নয়। এএফপি, ক্রিকইনফো।