কুকদের পরামর্শক জয়াবর্ধনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেলা জয়াবর্ধনে
মাহেলা জয়াবর্ধনে

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৫৯৫৭ রান তাঁর। এর মধ্যে প্রায় হাজার চারেক রান আছে ইংল্যান্ডের বিপক্ষে। আছে ২০০৭ সালে গল টেস্টের সেই অপরাজিত ২১৩, লিডসে ২০১১ সালে ওয়ানডে ম্যাচ জেতানো ১৪৪। একসময় যে দলটিকে ব্যাট হাতে ভুগিয়েছেন, এবার হয়তো তাদের সঙ্গেই নিজের সাফল্যের রহস্য ভাগাভাগি করতে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। ইংল্যান্ড দলের পরামর্শক হতে পারেন কিংবদন্তি এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।
যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি), তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ও ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নতুন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস খুব আগ্রহী জয়াবর্ধনের ব্যাপারে। ইংল্যান্ড দলের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসের সম্মতির পর সহকারী কোচ পল ফারব্রেস প্রাথমিক কথাবার্তাও বলেছেন জয়াবর্ধনের সঙ্গে। বেলিস ও ফারব্রেস শ্রীলঙ্কার কোচ থাকার সময় থেকেই দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক জয়াবর্ধনের।
আগামী দেড় বছরের মধ্যে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে খেলবে সংযুক্ত আরব আমিরাতে, আছে ভারত ও বাংলাদেশ সফরও। ২০১৬ সালে খেলবে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও। উপমহাদেশীয় কন্ডিশন নিয়ে জয়াবর্ধনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসিবি। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে তাঁকে পূর্ণকালীন কোচিং স্টাফ করার বদলে সিরিজ ধরে নিয়োগ দেওয়া হতে পারে। যেভাবে সাবেক পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ কাজ করেছেন স্পিন বোলিং পরামর্শক হিসেবে।
একইভাবে সাবেক ইংলিশ অলরাউন্ডার পল কলিংউডকেও সীমিত ওভারের ক্রিকেটে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে ইসিবি। ২০১০ সালে কলিংউডের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ইএসপিএন।