কুকদের পিছু পিছু ঢাকার দুঃস্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ব্যাপারটা এমনই ছিল। আসল লড়াইয়ে নামার আগে অনেকটা ইংল্যান্ডের প্রস্তুতির মতো ব্যাপার। ‘আসল লড়াই’ মানে রাজকোটে আজ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজ। আর ‘প্রস্তুতি’ মানে বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটা। কিন্তু সেই প্রস্তুতি এমনই ধাক্কা হয়ে এল যে ইংল্যান্ডকে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরু করতে হচ্ছে বিষম দুশ্চিন্তা নিয়ে। বিশেষ করে ঢাকা টেস্টের ওই ভয়াল সেশনটা তো কুকদের তাড়িয়ে বেড়াচ্ছে এখনো!
চট্টগ্রামে প্রথম টেস্টেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোনোমতে জিতেছে ইংল্যান্ড। আর ঢাকায় তো হেরেই গেছে। চতুর্থ ইনিংসে ২৭৩ তাড়া করতে নেমে বিনা উইকেটে ১০০ থেকে অলআউট হয়ে গেছে ১৬৪ রানে! চা-বিরতির পর এক সেশনেই ৬৪ রানে ১০ উইকেট! ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড অবশ্য ওই টেস্টটা খেলেননি। চট্টগ্রামে ৯৯তম টেস্ট খেলার পর শততম টেস্টটা খেলার কথা ছিল ঢাকায়। কিন্তু ওই ম্যাচে তাঁকে বিশ্রামে রেখেছিল দল। এখন অবশ্য ব্রড ভাবতেই পারেন, ওটা তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট না হওয়ায় ভালোই হয়েছে। এমন একটা মাইলফলকের ম্যাচ যে তাহলে ঢাকা পড়ে যেত ওই এক সেশনের দুঃস্বপ্নে! কাল রাজকোটে ব্রড বললেন, ‘এক সেশনে ১০ উইকেট হারানোর ওই অভিজ্ঞতা খুব কঠিন ছিল আমাদের জন্য। তার ওপর ভারতে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকাটা আত্মবিশ্বাসে প্রভাব ফেলারই কথা।’
বাংলাদেশে স্পিনেই কুপোকাত হয়েছে ইংল্যান্ড। ভারতেও মূল ভয়টা স্পিন নিয়েই। এই সিরিজের জন্য ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক এখানেই বড় সহায় হয়ে এসেছেন। শুধু ইংলিশ স্পিনারদের নিয়েই পড়ে না থেকে ব্যাটসম্যানদেরও দিয়েছেন স্পিন সামলানোর টোটকা। তাতেই কি আর বাস্তবতাটা বদলে যায় নাকি! যেটি নির্দ্বিধায় মেনে নিচ্ছেন ব্রডও, ‘আমরা একেবারেই আন্ডারডগ হিসেবে সিরিজটা খেলতে নামব। এতে কোনো সন্দেহ নেই। ভারত টেস্ট ক্রিকেটের এক নম্বর দল। নিজের মাঠে ওরা দারুণ ক্রিকেট খেলছে। এটা যে আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, তা আমরা জানি।’
এসব পাশে সরিয়ে রেখে নিজের শততম টেস্ট নিয়ে অবশ্য যথেষ্টই রোমাঞ্চিত ব্রড, ‘ভারতে খেলা সব সময়ই কঠিন। তবে এটা বলতে পারি, শততম টেস্ট খেলার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না।’
প্রেরণা খোঁজার জায়গা অবশ্য আছে ইংল্যান্ডের। সেটি ইতিহাস। ২০১২ সালে সর্বশেষ ভারত সফর থেকে ২-১ ব্যবধানে জয় নিয়েই ফিরেছিল ইংল্যান্ড। যেটি ছিল পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অ্যালিস্টার কুকের প্রথম সিরিজ। দুই দলের সর্বশেষ তিনটি সিরিজেই জিতেছে ইংল্যান্ড, জিতেছে সর্বশেষ ১২ টেস্টের ৮টিতেই। ভারতের জয় যেখানে মাত্র ২ টেস্টে।
এই পরিসংখ্যান দেখে কে বলবে, এই সিরিজে ভারত অবিসংবাদিত ফেবারিট! এএফপি, রয়টার্স।
টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড
ম্যাচ ভারত ইংল্যান্ড ড্র
মোট ১১২ ২১ ৪৩ ৪৮
ভারতে ৫৫ ১৫ ১৩ ২৭