
মার্ক উড মাঠেই একপাক নেচে নিলেন, ট্রেন্ট ব্রিজের দর্শকদের মধ্যে হাসির হুল্লোড়। একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছেন সবাই, গ্যালারিতে ‘গড সেভ দ্য কুইন’-এর কোরাস। একটু পরেই ড্রেসিংরুমে একদফা শ্যাম্পেন উৎসব হয়ে গেল। জো রুট দুষ্টুমি করে সাক্ষাৎকার দিলেন মুখোশ পরে। স্টিভেন ফিন আবার টুইট করে জানালেন সাদা পোশাকটা সারা দিন আর পাল্টাচ্ছেন না। ইংল্যান্ড দল যেন সুখী একটা পরিবারেরই প্রতিচ্ছবি। ট্রেন্ট ব্রিজ টেস্ট জিতে ঠিক ৫৯৯ দিন পর আবার অ্যাশেজ ফিরিয়ে আনা গেল ঘরে, তাও ইনিংস ও ৭৮ রানের জয়ে! এমন মধুর মুহূর্ত ইংলিশ ক্রিকেটে অনেক দিন আসেনি।
মঞ্চটা সাজানো হয়ে গিয়েছিল পরশু শেষ বিকেলেই। ছুটির দিনের সকালেই তাই ট্রেন্ট ব্রিজে দর্শকের ঢল। আনুষ্ঠানিকতা সেরে ফেলতে ইংল্যান্ডের খুব সময় লাগেনি। মাত্র ১০.১ ওভারের পরই এল সেই মুহূর্ত, উডের বল স্টাম্পে টেনে আনলেন নাথান লায়ন। ১৮৯৬ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা চারটি অ্যাশেজ জিতল ইংল্যান্ড।
অ্যালিস্টার কুকের অবশ্য তখন রেকর্ড নিয়ে ভাবার সময় নেই। সতীর্থদের সঙ্গে ছবি তুলছেন, প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলছেন। ইংল্যান্ড অধিনায়কের সুশ্রী মুখটা ঝকমক করছে হাসিতে। কী অদ্ভুত, একটু পর পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে গলা ধরে এল কুকেরও। ‘অর্জনটা এখনো বিশ্বাস করতে পারছি না। গত ১৮ মাসে আমাদের অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, সেখান থেকে ফিরে এভাবে খেলাটা আসলেই দুর্দান্ত। ৫-০-তে হারার পর সেখান থেকে ফেরা সহজ নয়। এর চেয়ে আর খুশি হতে পারতাম না’—কথাগুলো বলতে বলতে নিজের চোখের কোণটাও মুছে নিলেন কুক!
সত্যিই তো, কম ঝড়ঝাপটা যায়নি কুকের ওপর দিয়ে। গত বছর অস্ট্রেলিয়ায় গিয়ে লজ্জায় অধোবদন হতে হয়েছিল। এরপর ওয়ানডের হতশ্রী দশা, বিশ্বকাপ ব্যর্থতার পর ইংলিশ ক্রিকেটে কী তোলপাড়! পিটার মুরস চাকরি হারালেন, দায়িত্ব নিলেন ট্রেভর বেলিস। কুক জয়টা উৎসর্গ করলেন কিন্তু মুরসকেই, ‘পর্দার পেছনে অনেক কিছুই হয়েছে, আমাদের পিটার মুরসকে অভিনন্দন জানানো উচিত। এই জয়টা তোমার জন্য, পিটার!’ বেলিসকে নিয়ে একদফা রসিকতাও করে নিলেন, ‘বেলিস মাত্রই দায়িত্ব নিয়েছে, তাকে বেশি কৃতিত্ব দেওয়া ঠিক হবে না!’
এখন তো কুকের এমন রসিকতা করারই সময়! বিবিসি, এএফপি।