কুকের অপেক্ষা বাড়ালেন শানাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে আউট করেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা পেয়ে গেলেন দাসুন শানাকা। অভিষিক্ত শ্রীলঙ্কান মিডিয়াম পেসার ৮ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে প্রচণ্ড ঝাঁকুনিই দিয়েছিলেন ইংল্যান্ডকে। কাল হেডিংলিতে l রয়টার্স
ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে আউট করেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা পেয়ে গেলেন দাসুন শানাকা। অভিষিক্ত শ্রীলঙ্কান মিডিয়াম পেসার ৮ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে প্রচণ্ড ঝাঁকুনিই দিয়েছিলেন ইংল্যান্ডকে। কাল হেডিংলিতে l রয়টার্স

দরকার ছিল ৩৬। তা পেয়ে গেলেই ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান হয়ে যেত অ্যালিস্টার কুকের। একটু বেড়েই গেল ইংল্যান্ড অধিনায়কের অপেক্ষা। কাল হেডিংলি টেস্টের প্রথম দিনে ১০ হাজার থেকে ২০ রান দূরে থাকতে আউট হয়ে গেলেন কুক।
কুকের উল্টো দিকে থাকলেন টেস্টে অভিষিক্ত দাসুন শানাকা। শ্রীলঙ্কার মিডিয়াম পেসারকে প্রথম টেস্ট উইকেটের জন্য অপেক্ষা করতে হলো মাত্র সাত বল। কুককে উইকেটকিপার দিনেশ চান্ডিমালের ক্যাচ বানিয়েই প্রথম উৎসবে মাতলেন শানাকা। তিন বল পর আবার উল্লাস শানাকার। এবার স্লিপে ক্যাচ দিলেন নিক কম্পটন। কোনো রান দেওয়ার আগেই ২ উইকেট নেওয়া শানাকা পরের ওভারে শূন্য রানে ফেরালেন জো রুটকে।
বিনা উইকেটে ৪৯ থেকে ইংল্যান্ডের স্কোর মুহূর্তেই ৩ উইকেটে ৫১। আরও ২২ রান যোগ হতেই নেই অভিষিক্ত জেমস ভিন্স ও বেন স্টোকসও। এরপরই অ্যালেক্স হেলসকে নিয়ে জনি বেয়ারস্টোর পাল্টা প্রতিরোধ। চা-বিরতির সময় আর কোনো উইকেট না হারিয়েই ইংল্যান্ডের রান ১৭১। ৬৭ বলে ৫৪ রানে অপরাজিত বেয়ারস্টো, ইনিংস ওপেন করতে নেমে ক্যারিয়ার-সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত হেলস। বৃষ্টির কারণে বিরতির পর ম্যাচ আর শুরু হয়নি। স্টার স্পোর্টস।