কুকের চট্টগ্রামে ফেরা নিয়ে জটিলতা

বাংলাদেশে এসেছিলেন বেশ আগে। যদিও খেলা ছিল না তাঁর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই ছিল আগে আসার উদ্দেশ্য। টুকটাক অনুশীলন করে আবার উড়ে চলে গিয়েছিলেন দেশে; সদ্য জন্ম নেওয়া দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন বলে। তিনি এখনো ফেরেননি। ২০ অক্টোবর থেকে শুরু টেস্টে চূড়ান্ত প্রস্তুতি ছাড়াই মাঠে নেমে পড়তে হতে পারে তাঁকে।
ইংলিশ অধিনায়কের ওপর দিয়ে বেশ ধকল যাচ্ছে। পরিবারে বাবার দায়িত্ব তো আছেই। ইংল্যান্ড দলটিতেও তো তাঁর বাবারই ভূমিকা। সেই দায়িত্ববোধ থেকেই দলকে বাংলাদেশে পাঠিয়ে নিজে দেশে বসে থাকতে চাননি। ওয়ানডে অধিনায়ক এউইন মরগান যে কাজটি করে বেশ সমালোচিত।
কিন্তু এই দুই দায়িত্ব পালন করতে গিয়ে কুকের ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। রোববারই বাংলাদেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু কুক এখনো ফেরেননি। লন্ডন থেকে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট জটিলতাই এর কারণ বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম।
কুক আজও ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আগামীকালও যদি ফেরেন, তাহলে শুধু বুধবার সময় পাবেন টেস্টের প্রস্তুতি নেওয়ার। বুধবার ফিরলে তো নেট অনুশীলন ছাড়াই বৃহস্পতিবার সরাসরি নেমে পড়তে হবে তাঁকে মাঠে।
ইংল্যান্ড অবশ্য এটিকে সমস্যা মনে করছে না। অন্তত স্টিভেন ফিনের তা-ই দাবি। প্রথমত, কুক ওয়ানডে সিরিজ চলার সময়ই ভালোমতো নেট অনুশীলন করেছেন। তা ছাড়া ফিন বলছেন, ‘অনভিজ্ঞ কেউ হলে সেটি চিন্তার ছিল, কিন্তু কুক যে পরিমাণ ম্যাচ খেলেছে উপমহাদেশে, ওর কোনো সমস্যাই হবে না।’