কুকের তৃপ্তি

পেশাদারির মুখোশের আড়ালে কত কিছুই না লুকিয়ে রাখতে হয়! অ্যালিস্টার কুককেই দেখুন না। টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনটা কেমন বিরক্তি উৎপাদন করেছিল, তা বলার সুযোগ হলো পাঁচ দিন পর! কার্ডিফে অ্যাশেজের প্রথম টেস্টটা না জিততে পারলে হয়তো সেই সুযোগটাও হতো না। জিতলেন বলেই না পরশু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেকে এমন অকপটে প্রকাশ করতে পারলেন, ‘সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনটার কথা মনে পড়ছে আমার। আগের সিরিজে কী হয়েছে তা নিয়েই বেশি কথা হচ্ছিল। আমার একটু বিরক্তিই লাগছিল। কারণ যা হয়ে গেছে, সেটা নিয়ে আর তো কিছুই করার নেই।’
আগের সিরিজ মানে অস্ট্রেলিয়ার মাঠে সর্বশেষ অ্যাশেজ। যেটি ৫-০ ব্যবধানে হেরে এসেছিল ইংল্যান্ড। ওই সিরিজের ফল আর সাম্প্রতিক ফর্মের কারণে এবারও অ্যাশেজ শুরুর আগে অস্ট্রেলিয়াকেই অবধারিত ফেবারিট ধরেছেন সবাই। কুকরা শুধু সেসব শুনেছেন, জোর গলায় কিছু বলতে পারেননি। কিন্তু মনে যে একটা জেদও চেপে গিয়েছিল, সেটা বোঝা যায় কুকের পরের কথাটায়, ‘আমরা যে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়তে পারি, এটা দেখানো খুব জরুরি ছিল। এভাবে সিরিজ শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় আমাদের মৌলিক বিষয়গুলো ঠিকই আছে। আর আমরা নিজেদের খেলাটা খেললে অস্ট্রেলিয়াকেও চাপে ফেলতে পারি।’
শুধু চাপে ফেলাই নয়, দুর্দান্ত দাপটেই জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কেরও তা স্বীকার না করে উপায় থাকছে না, ‘আমরা তিনটি বিভাগেই ওদের চেয়ে খারাপ খেলেছি। ইংল্যান্ড প্রথম দিন খুব ভালো ব্যাট করেছে, আমরা ঠিকঠাক ক্যাচ নিতে পারিনি আর দুই ইনিংসেই আমাদের ব্যাটিং আমাদের ডুবিয়েছে।’ অধিনায়ককে সবকিছু থেকেই ইতিবাচক কিছু নিতে হয়। ক্লার্কও ব্যতিক্রম নন, ‘বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে (গ্রুপ) ম্যাচে ওই হার ছিল আমাদের পশ্চাদ্দেশে একটা লাথির মতো। এই হারটাকেও দল একইভাবে দেখছে। এটাও আমাদের পশ্চাদ্দেশে একটা লাথি।’

পশ্চাদ্দেশে লাথিই বলুন, বা ভদ্র ভাষায় ধাক্কা—অস্ট্রেলিয়াকে তা দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা জো রুটের। প্রথম ইনিংসে ৪৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর রুটের টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ভর করেই ইংল্যান্ড করেছিল চার শ ছাড়ানো স্কোর। ম্যাচ জেতানো ইনিংসটা রুটের চোখেও নিজের ক্যারিয়ার-সেরা, ‘আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি। দল জেতায় ভালো লাগছে। আশা করছি, এই ছন্দটা আমরা লর্ডসেও নিয়ে যেতে পারব।’
লর্ডসে পরের টেস্টের দিকে তাকিয়ে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্লার্কও। দেশের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও ইংল্যান্ড থেকে সর্বশেষ তিনটি সিরিজেই (২০০৫, ২০০৯ ও ২০১৩) হেরে ফিরতে হয়েছে। ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজ জয় সেই ১৪ বছর আগে। প্রথম টেস্টে চার দিনেই হার ক্লার্কদের ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে, সেই ধারায় ছেদ টানাটা কত বড় চ্যালেঞ্জের নাম! এএফপি, রয়টার্স।