কুকের দুই ওভারের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

এটা হয়তো শুধু টেস্ট ক্রিকেটই পারে। প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দিতে। অ্যালিস্টার কুককেই দেখুন না। দিন দশেক আগে যিনি আবুধাবিতে কায়মনোবাক্যে চেয়েছিলেন খেলাটা যেন আরও ওভার দুয়েক বেশি হয়, সেই কুকই পরশু আবুধাবিতে চাইছিলেন ওভার দুয়েক আগেই যেন খেলাটা শেষ হয়ে যায়! কোনো ক্ষেত্রেই তাঁর চাওয়া বাস্তবে রূপ নেয়নি। ফল, আবুধাবির প্রথম টেস্টে পাকিস্তানকে বাগে পেয়েও টেস্ট জিততে না পারা আর দুবাইয়ে দ্বিতীয় টেস্টে নিজেরা খাদে পড়ে সেখান থেকে টেস্ট বাঁচাতে না পারা।
পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের দুটি শেষে তাই কুকের সঙ্গী ওই ওভার দুয়েকের আক্ষেপ!
আবুধাবিতে শেষ দিন শেষ সেশনে পাকিস্তান যখন অলআউট হলো, ম্যাচটি বাকি ১৯ ওভারের মতো। জয়ের জন্য ইংল্যান্ডের চাই ৯৯ রান। কিন্তু ১১ ওভারে ইংল্যান্ড ৪ উইকেটে ৭৪ রান তোলার পর খেলা শেষ হয়ে যায় আলোকস্বল্পতায়। দুবাইয়ে শেষ দিনে আবার উল্টো পরিস্থিতি। টেস্ট বাঁচানোর জন্য ৭ উইকেটে পুরো দিনটা টিকে থাকার চ্যালেঞ্জ ছিল ইংল্যান্ডের সামনে। অনেক উত্থান-পতনের পর ইংল্যান্ড যখন অবিশ্বাস্যভাবে টেস্ট বাঁচানোর স্বপ্ন দেখছে, তখনই দিনের ৬.৩ ওভার বাকি থাকতে আদিল রশিদের বিদায়ে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আক্ষেপ ছাড়া আর কী করতে পারেন কুক, ‘আমরা প্রায় সাড়ে নয় দিন পাকিস্তানের বিপক্ষে খেলেছি। যদি আবুধাবিতে দুটো ওভার বেশি পেতাম আর এখানে দুটো ওভার কম, তাহলেই গল্পটা অন্য রকম হতো।’
স্বভাবতই কুকের বিপরীত অনুভূতি পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের। আবুধাবিতে আলোকস্বল্পতায় বেঁচে যাওয়া ড্র, আর দুবাইয়ে রুদ্ধশ্বাস জয়। শেষ দিকে অবশ্য আদিল রশিদ স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের। তবে মিসবাহ নাকি একটু আগে বা পরে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদীই ছিলেন, ‘অবশ্যই শেষ দিকে ভীষণ স্নায়ুচাপ ছিল। কিন্তু যখন মাত্র দুটি উইকেট বাকি থাকে, খেলাটাও কিন্তু মাত্র দুই বলে শেষ হয়ে যেতে পারে। সুতরাং হাল ছাড়ার কোনো প্রশ্নই আসে না।’
জিতেছেন বলেই হয়তো টেস্ট ক্রিকেটের রোমাঞ্চটাও বেশি করে চোখে পড়ছে মিসবাহর, ‘কোনো সন্দেহ নেই, ওরা আমাদের কাজটা খুব কঠিন করে দিয়েছিল এবং ম্যাচ বাঁচানোর খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু এটাই তো ক্রিকেটের সৌন্দর্য। এ কারণেই আমরা খেলাটাকে এত ভালোবাসি এবং খেলি।’ রয়টার্স।