কুকের পর অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর অ্যালিস্টার কুকের উচ্ছ্বাস l এএফপি
সেঞ্চুরির পর অ্যালিস্টার কুকের উচ্ছ্বাস l এএফপি

প্রায় দুই বছর অপেক্ষার পর আরেকটি টেস্ট সেঞ্চুরি পেলেন অ্যালিস্টার কুক। দিনভর চেষ্টা করে গেলেন ইনিংসের শুরুর ধসটা মেরামত করতে। সেটা যখন কিছুটা করে এনেছেন বলে মনে হচ্ছিল, তখনই আবার পর পর দুটি উইকেট হারাল ইংল্যান্ড। যার মধ্যে আছে তাঁর নিজের উইকেটটাও। ফলাফল, কেনসিংটন ওভালে প্রথম দিনেই ২৪০ রানে ইংল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই স্বস্তি আরেকটু বেড়েছিল কাল প্রথম সেশনেই আরও ১৭ রানের মধ্যে ইংল্যান্ডের বাকি ৩টি উইকেট তুলে নিয়ে। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল ওয়েস্ট ইন্ডিজ নিজেরা ব্যাট করতে নামার পর। জেমস অ্যান্ডারসনের তোপের মুখে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে উল্টো চাপে দিনেশ রামদিনের দল। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি প্রথম চার ব্যাটসম্যানের কেউ। চা-বিরতির কিছুক্ষণ আগে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১৩৯ রান। ব্ল্যাকউড ক্রিজে আছেন ৬৭ রান নিয়ে, পারমল ব্যাট করছেন ১ রানে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৩টি উইকেটই নিয়েছেন অ্যান্ডারসন।
এই টেস্টের আগে কুক তাঁর সর্বশেষ সেঞ্চুরিটা করেছিলেন ২০১৩ সালের মে মাসে, হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১১ বার ফিফটি পেরিয়েছেন, সেঞ্চুরি বানাতে পারেননি কোনোটিকেই। গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে তো আউট হয়ে যান ৯৫ রানে। এর মধ্যে ঝড়ঝাপটাও কম যায়নি কুকের ওপর দিয়ে। ওয়ানডে দলে অধিনায়কত্ব, জায়গা-দুটোই হারিয়েছেন, খেলতে পারেননি বিশ্বকাপও। কিছুটা যে চাপে ছিলেন, সেটা বোধ হয় অস্বীকার করবেন না কুকও। সেই চাপ কাঁধে নিয়েই পরশু ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরিটা করলেন ইংল্যান্ড অধিনায়ক। আর সেটাও একেবারে দলের সবচেয়ে দরকারের সময়ে। ওপেনিং সঙ্গী জোনাথন ট্রট আরও একবার ব্যর্থ, সর্বশেষ ৫ ইনিংসে তৃতীয়বারের মতো শূন্য রানে আউট। দলের ৩৮ রানের সময় আবার জোড়া আঘাত ক্যারিবীয়দের। এবার পর পর দুই ওভারে গ্যারি ব্যালান্স আর ইয়ান বেলের উইকেট তুলে নেন জেসন হোল্ডার। ৩৮ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে সেখান থেকে টেনে তোলেন কুক। ক্রিকইনফো।