কুকের পর রুটের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার এদিকে তো আরেকবার ওদিকে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে পেন্ডুলাম প্রায় স্থির। তবে অস্থির হতে কতক্ষণ! দুবাই টেস্টে হয়তো আরও অনেক রোমাঞ্চই অপেক্ষা করছে। ৭ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ১৯৬ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। পাকিস্তানের ৩৭৮ রানের জবাবটা দিতে শুরু করেছিলেন অ্যালিস্টার কুক। গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান কাল ৬৫ করে আউট হলেও ৭৬ রানে অপরাজিত থেকে ফিরেছেন জো রুট।

আজ দিনের শুরুতে পাকিস্তান ধাক্কা দিতে পারলে ম্যাচ ঘুরে যাবে তাদের দিকে। তবে ১৪ রানে দুই উইকেট হারানোর পরও ইংল্যান্ড দিনের শেষটা যেভাবে টেনেছে, তাতে তারা তৃপ্ত। শুরুর ধাক্কা সামলে নেওয়া কুকের সঙ্গে ১১৩ রানের জুটিটা ভেঙে গেলেও বেয়ারস্টোকে নিয়ে পরে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রুট। কাল দিন শেষে ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড তাই হাসিমুখে বলতে পারলেন, দ্বিতীয় দিনের পর ইংল্যান্ড সন্তুষ্ট।

ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনার শুরুটাও ব্রডেই। দিনের পঞ্চম বলেই ফিরিয়ে দিয়েছেন মিসবাহকে, আগের দিনের ১০২ রানেই ফিরে গেছেন পাকিস্তান অধিনায়ক। আসাদ শফিক অবশ্য চেষ্টা করেছিলেন, তবে ওপাশ থেকে সতীর্থদের আসা-যাওয়া দেখতে হয়েছে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৮২ রানে, মার্ক উডকে উপহার দিয়েছেন তাঁর তৃতীয় উইকেট। তিন উইকেট পেয়েছেন মঈন আলীও।

আগের দিন মিসবাহ যেমন পেয়েছিলেন, কাল কিছুটা ভাগ্যের ছোঁয়া পেলেন প্রতিপক্ষ অধিনায়কও। অ্যালিস্টার কুকের সেটা অবশ্য দরকার ছিল। ৩৩ রানের সময় জুলফিকার বাবরের বল স্টাম্পে লেগেও বেল না পড়ায় বেঁচে গেছেন। শুধু কুক নয়, বেঁচে গেছে ইংল্যান্ডও। না হলে যে ইংল্যান্ডের স্কোর ৭৪/৩ হয়ে যায়! টেন স্পোর্টস।