কুকের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোলে কন্যা এলসি, মুখের হাসিই বলে দিচ্ছে সুসময়টা দারুণ উপভোগ করছেন অ্যালিস্টার কুক l রয়টার্স
কোলে কন্যা এলসি, মুখের হাসিই বলে দিচ্ছে সুসময়টা দারুণ উপভোগ করছেন অ্যালিস্টার কুক l রয়টার্স

ট্রেন্ট ব্রিজের সেই সকালটা ছিল অন্য রকম। ম্যাচ শেষে দুই অধিনায়কের চোখেই জল। রোদেলা আকাশ মাঠের বিমূর্ত সবুজে প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছিল অন্য রকম আবহ। ইংল্যান্ড সমর্থকদের সমস্বরে গাওয়া ‘গড সেভ দ্য কুইন’ অধিনায়ক অ্যালিস্টার কুকের আনন্দাশ্রুকে বীরত্বপূর্ণ ব্যঞ্জনা দিলেও অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের জন্য তাতে ছিল যেন বিচ্ছেদের সুর। কুকের অশ্রুতে শুধু অভূতপূর্ব বিজয়ের প্রকাশই ছিল না, ছিল ছাই থেকে পুনর্জন্ম নেওয়া ফিনিক্স পাখির মতো এক আখ্যান।
‘অ্যালিস্টার কুকের মাঝে আছে যেন কৃষকের বাস্তববাদ ও নাবিকের ধীশক্তির মিশেল’—ইংল্যান্ডের এক ক্রীড়ালেখক এভাবেই চিত্রায়ণ করেছেন দেশের মাটিতে অ্যাশেজজয়ী ইংল্যান্ড অধিনায়ককে। এই সাফল্য কুককে বসিয়েছে ডব্লু জি গ্রেস ও মাইক ব্রিয়ারলির মতো কিংবদন্তি অধিনায়কদের পাশে। কাজটা সহজ ছিল না। মুদ্রার অন্য পিঠটা দেখেছিলেন সর্বশেষ অ্যাশেজেই। অস্ট্রেলিয়ায় ৫-০-তে হারের যন্ত্রণা অনেক দিন তাড়া করেছে পুরো ইংল্যান্ড দলকেই। সাবেকদের ‘গেল, গেল’ রব আর সংবাদমাধ্যমের সমালোচনার বিষ মাখানো তির অনেকবারই বিদ্ধ করেছে কুককে। দাঁতে দাঁত চেপে তবু লড়ে গেছেন। ওয়ানডের অধিনায়কত্ব হারিয়েছেন এউইন মরগানের কাছে। টেস্টেও নড়বড়ে হয়ে গিয়েছিল অবস্থান। সেখান থেকে ফিরে এসে অ্যাশেজ জয়কে শুধু তুলনা করা যায় ‘আসল’ ক্যাপ্টেন কুকের সঙ্গেই। আবিষ্কারের নেশায় যিনি উথালপাথাল করেছেন গোটা প্রশান্ত মহাসাগর।
ট্রেন্ট ব্রিজ টেস্ট শেষ হয়ে যাওয়ার আড়াই ঘণ্টা পরও অ্যালিস্টার কুককে দেখা গেছে মাঠে—ভক্তদের সঙ্গে সেলফি তুলতে, শিশুকন্যাকে কোলে নিয়ে মাঠের সবুজে আনমনে হারিয়ে যেতে। এই ভাবুক কুক মাঠেই আবার সত্যিকারের নেতা। টেস্ট জয়ের স্মারক স্টাম্প যিনি তুলে দেন তরুণ পেসার মার্ক উডের হাতে। বেন স্টোকস, জো রুটদের বুকে আগলে রাখেন। যাঁর চোখ ভিজে যায় ম্যাচ শেষের আনুষ্ঠানিকতায়, ‘স্বপ্নপূরণের মুহূর্তটায় একটু আবেগপ্রবণ আপনি হতেই পারেন। কঠিন সময়টায় যারা নিরন্তর সমর্থন জুগিয়েছে সেই মুখগুলো একে একে ভেসে ওঠে আপনার চোখের সামনে।’ এই কুক মাঠের ইস্পাতদৃঢ় নেতা। বাইরে দরাজ দিল মানুষ যিনি কঠিন সময়কে জয় করার আনন্দে কেঁদে ফেলেন টিভি ক্যামেরার সামনে। পরক্ষণেই জিব কাটেন আবেগের বল্গাহারা প্রকাশে, ‘বাজি ধরে বলতে পারি, এটাই আপনার সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন।’
অ্যালিস্টার কুকের সুদিন-দুর্দিন দুটিই কাছ থেকে দেখেছেন সতীর্থরা। দেখেছেন সীমাহীন চাপ কীভাবে একজন মানুষকে পিষ্ট করে ফেলে। জেমস অ্যান্ডারসন যেমন ভেবেছিলেন অধিনায়কত্ব ছেড়ে দেবেন কুক, ‘সত্যিটাই বলি, কখনো কখনো মনে হয়েছিল কুক বোধ হয় অধিনায়কত্বটা ছেড়েই দেবে।’ কুকের বদলে যে জো রুটকে অধিনায়ক ভাবা হচ্ছিল, তিনিই কুকের অদম্য চরিত্রের মুগ্ধ অনুসারী, ‘অনেক সময় আমরা ওকে যথাযথ সমর্থন দিতে পারিনি। এবার অবশ্য সেটা দিয়েছি। অধিনায়কত্বের ব্যাপারে বলব, এ নিয়ে দ্বিতীয়বার ও আমাদের অ্যাশেজ জিতিয়েছে। আশা করছি আরও অনেক দিন সে আমাদের নেতৃত্ব দেবে। আমাদের নেতৃত্ব দেওয়ার কাজটা দারুণভাবেই করছে ও।’ পেসার স্টুয়ার্ট ব্রড অবশ্য ইংল্যান্ডের জন্য সেরাটা বের করে আনার অদম্য ক্ষুধাটাকেই মানছেন কুকের অনন্য বৈশিষ্ট্য, ‘সতীর্থ হিসেবে ও অসাধারণ। ইংল্যান্ডের পক্ষে সেরাটা দেওয়ার জন্যই সে উন্মুখ থাকে।’
কুক যেন এক লোকগাথার নায়ক। বীরত্বে দেশসেরা হলেও যাঁর ভেতর বাস করে সারল্য, ‘আমি শুধু নিজের কাজটাই করেছি। দলের অধিনায়কত্ব করার সঠিক নীতিগুলোই মেনেছি।’ পতনের অতল থেকে ফিরে এসে বিজয়সূর্য এনে দেওয়া অধিনায়কের বিনয় তাঁকে নিঃসন্দেহে আলাদা করে তুলে দেয় অনন্য উচ্চতায়। ইনডিপেনডেন্ট, এএফপি, গার্ডিয়ান।