
অ্যালিস্টার কুক ব্যাট করছিলেন, বোলিংয়ে তখন মোহাম্মদ আমির। হঠাৎই জেগে উঠল ওল্ড ট্রাফোর্ডের দর্শক, দুয়ো আর নো-বলের ডাকের মাঝেই ছুটে এলেন আমির। বলটিকে আস্তে করে লেগ সাইডে পাঠিয়ে দিয়েই ২ রান। গ্যালারির উল্লাস রূপান্তরিত হলো গর্জনে, সেঞ্চুরি হয়ে গেল ইংলিশ অধিনায়কের। টেস্টের প্রথম দিনে রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে দলকে এগিয়ে রাখলেন কুক।
লর্ডসের দর্শকেরা তেমন ‘জমিয়ে’ তুলতে পারেননি আমিরের প্রত্যাবর্তন। ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের সেই দোষ দেওয়া যাচ্ছে না। যখনই সুযোগ পেয়েছেন, আমিরকে খোঁচা দিয়েছেন তাঁরা। জবাব দিয়েছেন আমিরও, ইংলিশ দুই ওপেনারকেই আউট করেছেন তিনি। দুর্দান্ত একটি বলে অ্যালেক্স হেলসকে ফেরানোর পর ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান কুককেও।
তখন সবাই চা-বিরতির ঘোষণার অপেক্ষায়, হঠাৎ কুকের ব্যাটের নিচের প্রান্ত ছুঁয়ে এল বলটি, মুহূর্তেই ছত্রখান স্টাম্প। কুককে পুরোপুরি দোষ দেওয়া যাচ্ছে না, বলটি একটু নিচু হয়েই এসেছিল। দুর্দান্ত বোলিং আর সেই সঙ্গে সামান্য একটু ভাগ্যের ছোঁয়া—দুটিই লাগল কাল কুককে ফেরাতে।
সপ্তম ওভারেই ফিরেছেন হেলস। এরপর জো রুটকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে কুক এমন পাল্টা আক্রমণ চালালেন যে লর্ডস টেস্টেই দুর্দান্ত মনে হওয়া পাকিস্তানের বোলিং হয়ে পড়ল ছন্নছাড়া। ১৮৫ রানের জুটি গড়ার পথেই ১০ টেস্ট পর পেলেন সেঞ্চুরি। আর তাতেই কুক ভাঙলেন—ছুঁলেন কত রেকর্ড!
টস করতে নেমেই তো ছুঁয়েছেন একটি মাইলফলক। মাত্র চতুর্থ ইংলিশ হিসেবে ৫০ টেস্টে অধিনায়কত্ব করলেন। সে টেস্টেই সেঞ্চুরি, ক্যারিয়ারের ২৯তম। যে সেঞ্চুরিতে ডন ব্র্যাডম্যানের পাশে বসা, সে ইনিংস দিয়েই ছুঁলেন গ্রাহাম গুচকে। ইংলিশ অধিনায়ক হিসেবে ১১ সেঞ্চুরিতে গুচের সঙ্গী এখন কুকও। তবে অন্য একটি রেকর্ড ভেঙে গিয়েছে অনেক আগেই, অধিনায়ক হিসেবে এটি ছিল কুকের ৩১তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তার আগে ইংলিশ অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ৩০টি ইনিংস ছিল মাইক আথারটনের।
কুকের এমন রেকর্ড গড়া দিন বলেই হয়তো একটু আড়ালে চলে গেলেন রুট। না হলে দিনটি তো রুটেরও। ২১০ রানে কুক ফিরে যাওয়ার পর তিনিই টেনে নিয়েছেন ইংল্যান্ডের ইনিংস। চা-বিরতির পর পেয়ে গেছেন টেস্টে নিজের দশম সেঞ্চুরি। তাঁর অপরাজিত ১৪১ রানেই ৪ উইকেটে ৩১৪ রানে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। স্টার স্পোর্টস।