কুকের সঙ্গী হামিদ?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে না দেখা গেলেও এমএ আজিজ স্টেডিয়ামে দেখা গেল দৃশ্যটা। বিসিবি একাদশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে আলাদা প্রেসবক্স করা হয়েছে ইংরেজ সাংবাদিকদের জন্য। কেন, কী কারণে এই বিভাজন?
কাল ‘ব্রিটিশ প্রেসবক্সে’ ঢুঁ মারতেই দেখা গেল মাইক আথারটনকে। ২০১০ সালের পর দ্য টাইমস-এর হয়ে ক্রিকেট কভার করতে আবারও বাংলাদেশে এসেছেন ১১৫ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলা সাবেক ইংলিশ অধিনায়ক। কাল সকালেই চট্টগ্রামে পৌঁছেছেন। চোখে-মুখে ক্লান্তিভাবটা পরিষ্কার। হোটেল থেকে মাঠ ঢিল ছোড়া দূরত্ব বলেই হয়তো বিশ্রাম ছেড়ে ইংল্যান্ডের ব্যাটিং দেখতে এসেছেন। উইকেটে তখন ব্যাটিং করছেন হাসিব হামিদ ও জো রুট।
তা হামিদের ব্যাটিং কেমন দেখছেন? ‘গুড, ফাইন’—আথারটনের উত্তর। ব্যস, এটুকুই? ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম বয়সে ১ হাজার রান করে হামিদ ভেঙেছেন আথারটনেরই রেকর্ড, তাঁকে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে ‘বেবি বয়কট’। অথচ তাঁর সম্পর্কে এই মিনি বিশ্লেষণ?
হাসিব হামিদ কালও প্রস্তুতি ম্যাচে ২৬২ মিনিট উইকেটে থেকে ৫৭ রান করে নিজের আগমনী বার্তা জানিয়েছেন। বালক-বালক চেহারা, বয়স মাত্র ১৯। চট্টগ্রাম টেস্টে যদি হামিদের অভিষেক হয়েই যায়, তিনি হবেন এই শতাব্দীতে ইংল্যান্ড দলে প্রথম ‘টিনএজার’ খেলোয়াড়। আথারটনের পর ল্যাঙ্কাশায়ার থেকে আসা আর কোনো ওপেনারকে দেখা যায়নি ইংল্যান্ড দলে। হামিদ পারবেন তাঁর উত্তরসূরি হতে? আথারটন মুচকি হাসলেন, ‘জানি ও আমার একটা রেকর্ড ভেঙেছে। তবে তাকে নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না।’
ওপেনিংয়ে অ্যালিস্টার কুকের সঙ্গী কে হবেন—বেন ডাকেট না হামিদ, সেটি জানা যাবে পরশুই। তবে এই দুই ওপেনারের মধ্যে কী পার্থক্য দেখেন? ‘আর প্রশ্ন কোরো না’—এমন অভিব্যক্তিতে তাকালেন আথারটন। পাশ থেকে দ্য সান-এর প্রতিবেদক জন এথারিজই দিলেন উত্তরটা, ‘ডাকেট আগ্রাসী ব্যাটসম্যান আর হামিদ রক্ষণাত্মক। খেলার ধরন ভিন্ন হলেও দুজনই ভালো ব্যাটসম্যান।’
সংবাদমাধ্যমে যত বিশ্লেষণই হোক, হামিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কৌশলী জবাবই দিলেন ডাকেট, ‘দিন শেষে আমরা সতীর্থ। এখানে প্রতিদ্বন্দ্বিতার কী আছে! যে-ই খেলবে মনে করতে হবে সেটা তার পাওনা।’