কুক-মুশফিকেই পরিষ্কার দুই দলের ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম,অ্যালিস্টার কুক
মুশফিকুর রহিম,অ্যালিস্টার কুক

অ্যালিস্টার কুককে নাকি আগাম একটা উপহার দিয়েছেন অ্যালেক স্টুয়ার্ট। উপহারটা হচ্ছে এক বোতল রেড ওয়াইন! চট্টগ্রামে বসে কুকের অনন্য অর্জনটা দেখার সৌভাগ্য হবে না সাবেক ইংল্যান্ড অধিনায়কের। সেই কারণেই আগাম উপহার।

আজ চট্টগ্রাম টেস্টে টস করতে নেমেই কুক হয়ে যাবেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়। ১৩৩ টেস্ট খেলে কাল পর্যন্ত ছিলেন স্টুয়ার্টের পাশে। ইংলিশ অধিনায়ক যখন অসাধারণ রেকর্ডটি নিজের করে নেবেন, বুকের গভীর থেকে দীর্ঘশ্বাসই বেরিয়ে আসবে মুশফিকুর রহিমের, ‘আহ্‌! যদি কুকের মতো নিয়মিত টেস্ট খেলতে পারতাম, আজ আমারও...।’

মুশফিকের কেন এমনটা অনুভূতি হবে, সেটি জানতে ফিরে তাকাতে হবে ১১ বছর আগে। লর্ডসের ১৩২ বছরের ইতিহাসে অভিষেক হয়েছে ২০৯ জন খেলোয়াড়ের। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই মাঠে খেলাটাই যেখানে প্রতিটি খেলোয়াড়ের লালিত স্বপ্ন, সেখানে কিনা অভিষেক! ২০০৫ সালের ২৬ মে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে মুশফিকের সেই স্বপ্নিল অভিষেক হয়েছিল ক্রিকেটের তীর্থভূমে।

কুকের আন্তর্জাতিক অভিষেক মুশফিকের প্রায় ১০ মাস পর। দুই অধিনায়কের দারুণ একটা মিল‍-তাঁদের অভিষেক নিজেদের বিপরীত কন্ডিশনে। মুশফিকের ইংলিশ কন্ডিশনে আর কুকের যাত্রা শুরু উপমহাদেশে, ২০০৬ সালের মার্চে নাগপুর টেস্টে। অভিষেক টেস্টেই ৬০ ও ১০৪ রান করে কুক ইঙ্গিত দিয়েছিলেন, ব্যাটিংয়ে ইংলিশ রেকর্ডগুলো নতুন করেই লিখতে এসেছেন তিনি। ১০ বছর আগের নাগপুর থেকে আজ চট্টগ্রাম টেস্ট-১, ২, ৩ করে কুক পেরিয়েছেন ১৩৩টি টেস্ট-সিঁড়ি। নামের পাশে তাঁর ১০ হাজারের বেশি রান। আর মুশফিক? প্রায় এক যুগের ক্যারিয়ারে খেলেছেনই মাত্র ৪৮ টেস্ট।

বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যাটা অবশ্যই কম নয়। কিন্তু ইংলিশ খেলোয়াড়দের তুলনায় এ তো ‘মাত্রই’। কুকের কথা বাদ দিন, মুশফিকের দুই বছর পর অভিষেক হওয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড খেলে ফেলেছেন ৯৮ টেস্ট, এই সিরিজেই হয়তো টেস্টের ‘সেঞ্চুরি’ করে ফেলবেন তিনি। অথচ ১৬ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ দলই ১০০ টেস্ট খেলেনি, ৯৩-এ আটকে আছে বহুদিন।

কুকের অর্জন নিয়ে বলতে গিয়ে কাল সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে দীর্ঘশ্বাসই বেরিয়ে এল মুশফিকের কণ্ঠে, ‘যেভাবে সে ১০-১২ বছর ধরে খেলছে, কুক এখন তরুণ ক্রিকেটারের জন্য রোল মডেল। আমার পরে ওর অভিষেক। তারপরও সে ১৩৩ টেস্ট খেলে ফেলেছে। আর আমি ৪৮ টেস্ট। এতেই বোঝা যাচ্ছে টেস্টে কতটা ভালো সে খেলেছে, অর্জন করেছে অনেক কিছু।’

নিয়মিত খেললে অবধারিতভাবেই যোগ হবে নতুন নতুন অর্জন। ওয়ানডেতে তাই বাংলাদেশ দল, এমনকি মুশফিক নিজেও অনেক গৌরবময় অর্জনের অংশীদার। কিন্তু দেশের ক্রিকেটের কঙ্কালটা বেরিয়ে পড়ে টেস্ট এলেই। বাংলাদেশ মাঠে নামার আগেই পিছিয়ে পড়ে অভিজ্ঞতায়। মুশফিক-কুকের টেস্টসংখ্যাটা তাই দুই দলের প্রতীকী পার্থক্যও বলতে পারেন। ওয়ানডেতে যে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ‘ফেবারিট’ তকমা নিয়ে; তারাই আবার টেস্ট খেলে ‘আন্ডারডগ’ হয়ে।

বাংলাদেশের অভিজ্ঞ ছয় খেলোয়াড় মুশফিক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস ও মুমিনুল হকের টেস্ট খেলার মিলিত অভিজ্ঞতা ২০০ ম্যাচের। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে থাকা কুক, জনি বেয়ারস্টো, মঈন আলী, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড ও জো রুটের সম্মিলিত অভিজ্ঞতা সেখানে ৩৫৭ ম্যাচ। অথচ ইংল্যান্ডের টেস্ট দলটাও মোটের ওপর বেশ নতুনই। কাল সংবাদ সম্মেলনে কুক তাই অভিজ্ঞতার বিচারে দুই দলের যোজন-যোজন পার্থক্যটা বড় করে দেখতে চাইলেন না, ‘যদি খেলোয়াড়দের টেস্ট যোগ করেন, তবে দুই দলের অবস্থান কেমন হবে বলতে পারছি না। আমাদের দলে দুজন অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে কিছু নতুন মুখও আছে। তবে হ্যাঁ, টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলে ইংল্যান্ড। এটা আমাদের অনেক কাজে দেয়। অবশ্য আমরা এই কন্ডিশনে খুব একটা খেলি না। নিজের দেশে, নিজের কন্ডিশনে খেলার সুবিধা সব সময়ই বিরাট ব্যাপার।’

এই একটা জায়গায় ইংল্যান্ডের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, নিজেদের চেনা পরিবেশে খেলবে তারা। শঙ্কাটা হচ্ছে, বেশির ভাগ সময়ই টেস্টে নিজেদের চেনা পরিবেশটা যে চিনতে পারে না বাংলাদেশ! কথা হলো, এবার চিনবে তো?