কুক-হেলসে ফিরল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৩ রানে পিছিয়ে থেকে গতকাল চা-বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। শেষ সেশনেই এই রানের ‘ঘাটতি’ তারা তো ঘুচিয়েছেই, লিডও নিয়েছে ১৭ রানের। অথচ একটিও উইকেট হারায়নি স্বাগতিকেরা। দুই ওপেনার অ্যালিস্টার কুক (৬৪*) ও অ্যালেক্স হেলসের (৫০*) জোড়া ফিফটিতে দিন শেষে ইংল্যান্ড ৩৫ ওভারে ১২০।
এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট। ইউনিস খান আগের দিন থেকেই ক্রিজে ছিলেন। সঙ্গে কাল সকালে যোগ দেন মিসবাহ-উল-হক। ইংল্যান্ডের ২৯৭ রানের জবাবে পাকিস্তান দিনটা শুরু করেছিল ৩ উইকেটে ২৫৭ রান নিয়ে। তখন মনে হচ্ছিল, বেশ বড় লিডই পেতে যাচ্ছে পাকিস্তান। লিড ভালোই হলো, তবে মিসবাহ যতটা প্রত্যাশা করেছিলেন ততটা নয়। শেষ দিকে স্টুয়ার্ড ব্রডের তোপে পড়ে পাকিস্তান অলআউট ৪০০ রানে।
ইউনিসকে সকালের সেশনেই ফিরিয়েছেন ক্রিস ওকস। তবে মিসবাহ তখনো ছিলেন পাকিস্তানের আস্থার প্রতীক হয়ে। কিন্তু ১০৭ বলে ৫৬ করে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে মিসবাহ ফিরে যাওয়ার পর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তান। তাদের শেষ ৫ উইকেট পড়েছে ৪২ রানে। এর মধ্যে ব্রডই নিয়েছেন ৩ উইকেট। সঙ্গী না পেয়ে শেষ পর্যন্ত ৪৬ রানে অপরাজিত থেকেছেন সরফরাজ আহমেদ। ক্রিকইনফো।