কুমিল্লার একাদশ নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতেই সাফল্য পেয়েছে কুমিল্লা। ফাইল ছবি।
শুরুতেই সাফল্য পেয়েছে কুমিল্লা। ফাইল ছবি।

বিপিএলে আজ হাই ভোল্টেজ ম্যাচ। শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি ২ নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লা জয়ী হলে উঠে যাবে টেবিলের শীর্ষে, ঢাকা জিতলে ৩ পয়েন্টে এগিয়ে থাকবে। উত্তেজনার এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের একাদশ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। টসের সময় কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল মারলন স্যামুয়েলসের জায়গায় ড্যারেন ব্রাভোর খেলার কথা বলেছেন। কিন্তু সরবরাহকৃত তালিকায় স্যামুয়েলস খেলছেন বলে দেখানো হয়েছে। এই তালিকায় আফগান লেগ স্পিনার রশিদ খান খেলছেন না বলা হলেও তিনি মাঠে নেমেছেন। একাদশ নিয়ে এই বিভ্রান্তির এখনো সুরাহা হয়নি।
একাদশ নিয়ে বিভ্রান্তির মধ্যেই টসে জিতে ব্যাটিং করছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে ২ উইকেটে ৬২ রান তুলেছিল ঢাকা। পাকিস্তানি পেসার হাসান আলীর বলে ফিরেছেন এভিন লুইস আর মেহেদী মারুফ।
এবারের আসরে সব অধিনায়কই টসে জিতে ফিল্ডিং নিচ্ছেন। সে ক্ষেত্রে সাকিবের এমন সিদ্ধান্ত বেশ বিস্ময়কর। তবে দলের বিদেশিদের ওপর ভরসা করেই যে তাঁর এই সিদ্ধান্ত, সেটি বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই দুবার ইনিংসে দুই শর বেশি রান করেছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং আক্রমণ কুমিল্লার। ব্যাটে–বলে তাই জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় রয়েছে মিরপুরের দর্শকেরা।
দুই দলেই রয়েছে বড় পরিবর্তন। শহীদ আফ্রিদির জায়গায় আজ ঢাকা ডায়নামাইটসে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আমির। নাদিফ চৌধুরীর জায়গায় আবারও দলে সুযোগ পেয়েছেন মেহেদি মারুফ। বিভ্রান্তি ছড়াচ্ছে কেবল কুমিল্লারই একাদশ।
দুই দলের সরবরাহকৃত অফিশিয়াল তালিকা
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক) মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, আবু হায়দার, জহুরুল ইসলাম, নূর আলম সাদ্দাম, কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, এভিন লুইস, সুনীল নারাইন, কাইরন পোলার্ড।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, লিটন দাস, সাইফউদ্দিন, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, শোয়েব মালিক, হাসান আলী।